দেশজুড়ে হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড বা কেবিন চালু করতে হবে। একই সঙ্গে আক্রান্ত রোগীদের ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, হাম রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রাখতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে নির্দেশনায়।
এছাড়া রোগীর সঙ্গে একজনের বেশি অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণের স্বার্থে এই বিধিনিষেধ কার্যকর করা হবে।
নির্দেশনায় আরও বলা হয়, হাসপাতালে ভর্তি হাম রোগীদের তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করতে হবে, যাতে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা সহজ হয়।
/এসএন