• ঢাকা
  • রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম


৬ নবজাতকের মৃ/ত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের অবহেলার প্রমাণ: স্বাস্থ্যমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ জুন ২০২৬ ৪:৫৯ পিএম

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি উঠে এসেছে। এ কারণে পরবর্তী ধাপে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু ঘটে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে নিহত এক নবজাতকের স্বজন রমনা থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন। স্বাস্থ্যমন্ত্রী নিজেও হাসপাতালে গিয়ে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি দেখতে পান এবং এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করতে না পারায় তারা অতিরিক্ত সময় চেয়ে ৩ জুন পর্যন্ত সময় নেয়।

তদন্ত কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের উপপরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা এবং স্বাস্থ্য অধিদপ্তরের আরেকজন কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন।

এদিকে তদন্ত প্রতিবেদন প্রকাশের আগেই হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরার উদ্যোগ নিয়েছিল। তবে পরে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।

এর আগে একই দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে আদ-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

/এসএন