নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার খবর ছড়িয়ে পড়ার পর সংগীতশিল্পী তাসরিফ খান ও তার দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। দেশটির উত্তরাঞ্চলের তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় আকস্মিক বন্যার মধ্যে অবস্থান করছিলেন তারা।
তবে শেষ পর্যন্ত স্বস্তির খবর জানিয়েছেন তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, তারা এখনও নেপালেই অবস্থান করছেন এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত নিরাপদে আছেন।
তাসরিফ জানান, নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দুর্যোগে রাসুয়া জেলায় বহু পর্যটক নিখোঁজ ও হতাহত হয়েছেন। এমন পরিস্থিতিতে নিজের নিরাপত্তার পাশাপাশি বিপদের মধ্যে থাকা মানুষদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
তাসরিফের নিরাপত্তার বিষয়ে জানতে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী ফোন, মেসেজ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করেছেন। তাদের উদ্বেগ, ভালোবাসা ও খোঁজখবর নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী।
একই সঙ্গে নেপালের বন্যায় আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধার এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাসরিফ।
তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত প্রত্যেক মানুষের জন্য তিনি মন থেকে দোয়া করছেন। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন এবং যারা বিপদের মধ্যে রয়েছেন, তাদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনেন।
সবশেষে নিজের ও দলের সদস্যদের জন্যও ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তাসরিফ খান।
নেপালের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আপাতত সেখানেই নিরাপদে অবস্থান করছেন তিনি ও তার দল। তাদের নিরাপত্তার খবর জানার পর উদ্বিগ্ন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও স্বস্তি ফিরেছে।
/এসএন