• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ এএম


বাংলাদেশ-ভারতেও ঝড় তোলা পাকিস্তানি নাটক ‘জানজিরেইন’ ছাড়াল ১ বিলিয়ন ভিউ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ সেপ্টেম্বর ২০২৬ ৯:৫০ পিএম

একসময় ইউটিউবে কোনো একক নাটকের ১০০ কোটি বা এক বিলিয়ন ভিউ পাওয়া ছিল প্রায় অবিশ্বাস্য বিষয়। তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গেছে। বিশ্বজুড়ে পাকিস্তানি নাটকের ব্যাপক জনপ্রিয়তার ফলে এখন এক বিলিয়ন ভিউ নাটকের সাফল্য ও জনপ্রিয়তার অন্যতম বড় মাপকাঠি হয়ে উঠেছে।

‘তেরে বিন’ ও ‘কাভি মে কাভি তুম’-এর ব্যাপক সাফল্যের পর এবার এক বিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করা নাটকের তালিকায় যুক্ত হয়েছে জনপ্রিয় পাকিস্তানি ধারাবাহিক ‘জানজিরেইন’।

শুধু পাকিস্তানেই নয়, দেশের সীমানা ছাড়িয়ে বাংলাদেশ ও ভারতেও নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে নাটকটি। দর্শকদের আগ্রহে ইউটিউবে ধারাবাহিকটির ভিউ ক্রমেই বাড়ছে।

হাম টিভিতে প্রচারিত ‘জানজিরেইন’ গত আগস্টে ইউটিউবে ১০০ কোটি বা এক বিলিয়ন ভিউয়ের মাইলফলক অতিক্রম করে। এরপরও নাটকটির দর্শকপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এর ভিউ আরও বেড়েছে। বর্তমানে নাটকটির মোট ভিউ ১ দশমিক ৩ বিলিয়নেরও বেশি।

চলতি বছরের ২৯ এপ্রিল প্রথম পর্ব প্রচারের মধ্য দিয়ে ‘জানজিরেইন’-এর যাত্রা শুরু হয়।

উপমহাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রনাট্যকার ফারহাত ইশতিয়াকের লেখা নাটকটি পরিচালনা করেছেন শাহজাদ কাশমিরি। উপজাতীয় পটভূমি ও টানটান উত্তেজনাপূর্ণ মানবিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এর গল্প। প্রচারের প্রথম দিন থেকেই নাটকটির প্রতিটি পর্ব দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হয়।

‘জানজিরেইন’-এর এই বড় সাফল্যের পেছনে নাটকটির শক্তিশালী তারকা বহরও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নাটকে ‘রাবিয়া’ চরিত্রে সাজাল আলীর প্রাণবন্ত অভিনয় এবং ‘সার বুলান্দ খান’ চরিত্রে দানিয়াল জাফরের সঙ্গে তার পর্দার রসায়ন দর্শকদের ব্যাপক প্রশংসা পেয়েছে।

এ ছাড়া ‘শেরদিল’ চরিত্রে আহসান খানের শক্তিশালী উপস্থিতিও নাটকটির আকর্ষণ বাড়িয়েছে। পাশাপাশি আমির গিলানি, সাহার হাশমি, আদনান সিদ্দিকী, সামিয়া মমতাজ, উসমান জাভেদ ও মোমাল শেখের নিখুঁত অভিনয় গল্পটিকে আরও ভিন্ন মাত্রায় নিয়ে গেছে।

/এসএন