• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ এএম


ফেসবুকজুড়ে আশির দশকের লুক, ট্রে’ন্ডে গা ভাসালেন তারকারাও

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ সেপ্টেম্বর ২০২৬ ৫:১২ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন নতুন এক ট্রেন্ডের জোয়ার চলছে। নেটিজেনরা যেন হঠাৎ করেই ফিরে গেছেন আশির দশকে। ফেসবুকের টাইমলাইনজুড়ে দেখা যাচ্ছে আশির দশকের হলিউড-বলিউডের ক্লাসিক পোস্টার কিংবা ভিন্টেজ ফটোশুটের আদলে তৈরি নানা ছবি। ওভারসাইজড ব্লেজার, পোলকা ডট পোশাক, চওড়া কলারের শার্ট এবং রেট্রো হেয়ার স্টাইলে নিজেদের উপস্থাপন করছেন অনেকে।

এআই প্রযুক্তির মাধ্যমে নিজেদের বর্তমান ছবিকে বদলে নিয়ে নেটিজেনরা দেখছেন, চার দশক আগের সেই স্নিগ্ধ ও পুরোনো দিনের ফ্রেমে তাদের দেখতে কেমন লাগত। সামাজিক যোগাযোগমাধ্যমের এই রেট্রো রূপান্তরের প্রভাব থেকে বাদ যাননি বিনোদন অঙ্গনের তারকারাও।

নতুন এই ট্রেন্ডে নজর কেড়েছেন অভিনেত্রী পূর্ণিমা, সাফা কবির, তমা মির্জা, তাসনিয়া ফারিণ, বিদ্যা সিনহা মিম, তৌসিফ মাহবুব, আরশ খান, জিয়াউল ফারুক অপূর্বসহ অনেকে।

নিজের একটি নজরকাড়া ছবি প্রকাশ করে পূর্ণিমা ক্যাপশনে লিখেছেন, ‘নতুন ট্রেন্ড’

চিত্রনায়িকা তমা মির্জাও নিজের রেট্রো মেকওভারের ছবি অনুরাগী ও অনুসারীদের সঙ্গে শেয়ার করেছেন। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ট্রেন্ড অনুসরণ করছি।’

অভিনেত্রী তানজিকা আমিন রেট্রো লুকের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘গা ভাসাইলাম’

অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা নিজের ছবির সঙ্গে লিখেছেন, ‘কালজয়ী গান আর পুরোনো দিনের স্টাইলের সেই সোনালী যুগে ফিরে যাওয়া!’

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও আশির দশকের সাজে নিজের ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘আশির দশকের লুক।’

এই ট্রেন্ডে অংশ নিয়েছেন সাফা কবিরও। তিনি লিখেছেন, ‘আশির দশকের এই উন্মাদনা এখন পুরো ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়েছে। আর চরকি এতে দারুণ এক চমৎকার ভাবনা নিয়ে হাজির হয়েছে! আশির দশকের এই লুকে ডা. ইরিনকে কেমন লাগছে?’

অন্যদিকে, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবও আশির দশকের ধাঁচের একটি ফ্রেমে নিজেকে তুলে ধরেছেন। ছবিটি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’

ডিজিটাল নস্টালজিয়ার এই প্রবাহে পিছিয়ে নেই তাসনিয়া ফারিণও। আশির দশকের রূপে নিজের ছবি প্রকাশ করে তিনিও এই ধারায় অংশ নিয়েছেন। কিছুটা স্মৃতিকাতর হয়ে তিনি মন্তব্য করেছেন, ‘ভালোই হতো।’

এদিকে সংগীতশিল্পী পড়শীও নিজের একটি সম্ভাব্য রূপকে ৪০ বছর আগের সেই পুরোনো ক্যানভাসে আবিষ্কার করে উচ্ছ্বসিত হয়েছেন। নিজের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘১৯৮০ সালে যদি থাকতাম, তাহলে মনে হয় এমন থাকতাম।’

/এসএন