• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ এএম


আসছে ‘মহানগর ৩’, জন্মদিনে সুখবর দিলেন আশফাক নিপুণ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ আগস্ট ২০২৬ ৮:২২ পিএম

বাংলাদেশের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’-এর তৃতীয় কিস্তি ‘মহানগর ৩’ নিয়ে সুখবর দিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। নিজের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে তৃতীয় সিজনের কাজ এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।২০২১ সালে মুক্তির পর ‘মহানগর’ বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি ভারতের দর্শকদের মধ্যেও সাড়া ফেলে। এর দুই বছর পর মুক্তি পায় দ্বিতীয় সিজন। দ্বিতীয় কিস্তির শেষের চমকের পর থেকেই তৃতীয় সিজনের অপেক্ষায় ছিলেন দর্শকেরা।তবে তিন বছর পেরিয়ে গেলেও ‘মহানগর ৩’-এর নির্মাণকাজ শুরু হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে আশফাক নিপুণের পোস্টের মন্তব্যে নিয়মিতই তৃতীয় সিজন নিয়ে জানতে চেয়েছেন ভক্তরা। বিভিন্ন সময়ে কাজ শুরুর খবর এলেও বাজেটসংক্রান্ত জটিলতায় প্রকল্পটি আটকে থাকার খবরও সামনে আসে।অবশেষে ২৬ আগস্ট নিজের জন্মদিনে সিরিজটির নতুন কিস্তি নিয়ে ইঙ্গিত দিলেন আশফাক নিপুণ। প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, ‘যাই হোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’কোন স্ক্রিপ্টের কথা বলছেন, তা সরাসরি উল্লেখ না করলেও এরপর নিজের কণ্ঠে ‘মহানগর’-এর পরিচিত ইন্ট্রো মিউজিক গেয়ে শোনান নির্মাতা। এতে দর্শকদের ধারণা আরও জোরালো হয় যে, ‘মহানগর ৩’-এর চিত্রনাট্য নিয়েই কাজ করছেন তিনি।তবে তৃতীয় সিজনের শুটিং কবে শুরু হবে কিংবা কবে নাগাদ সিরিজটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি আশফাক নিপুণ। ফলে আপাতত নির্মাতার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হচ্ছে দর্শকদের।‘মহানগর’-এর গল্প, চিত্রনাট্য ও অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। বিশেষ করে পুলিশ কর্মকর্তা ওসি হারুন চরিত্রে মোশাররফ করিমের অভিনয় প্রশংসিত হয়। চরিত্রটি এই অভিনেতাকে নতুন করে দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে।‘মহানগর ৩’-এও ওসি হারুন চরিত্রে মোশাররফ করিমকে দেখা যাবে বলে জানা গেছে। পাশাপাশি তৃতীয় সিজনে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে বিশেষ চমক হিসেবে দেখা যেতে পারে—এমন আলোচনাও রয়েছে।দীর্ঘ অপেক্ষার পর ‘মহানগর ৩’ নিয়ে নির্মাতার এমন ইঙ্গিত সিরিজটির ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। এখন দর্শকদের অপেক্ষা শুটিং ও মুক্তির আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

/বিএসএস