• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ এএম


কেমোথেরাপির একদিন আগে শরীরে মিলল না ক্যানসার, ‘সূরা আর রহমান’কে কৃতিত্ব নওমান ইজাজের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৮ এএম

মরণব্যাধি ক্যানসারের নাম শুনলেই যেখানে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়, সেখানে নিজের ক্যানসার জয় করার এক অবিশ্বাস্য অভিজ্ঞতা শেয়ার করেছেন পাকিস্তানের জনপ্রিয় প্রবীণ অভিনেতা নওমান ইজাজ। ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠার এই ঘটনাকে তিনি ‘জীবন্ত অলৌকিকতা’ বা মিরাকল হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে নিজের এই অভিজ্ঞতার কৃতিত্ব দিয়েছেন ‘সূরা আর-রহমান’কে।সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে নিজের ক্যানসার শনাক্ত হওয়া এবং পরবর্তী সময়ে সুস্থ হয়ে ওঠার আবেগঘন অভিজ্ঞতা তুলে ধরেন নওমান ইজাজ।অভিনেতা জানান, ২০২৪ সালের জুনে তার কানের কাছে একটি টিউমার এবং পেটে লিম্ফোমা (ক্যানসার) ধরা পড়ে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে একটি টিউমার অপসারণ করা হয়। এরপর চিকিৎসকরা তাকে কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দেন।

রোগ শনাক্ত হওয়ার পর মানসিক ও আধ্যাত্মিক শক্তির সন্ধানে ছিলেন নওমান ইজাজ। এ সময় তার বন্ধু গোহর বাটের পরামর্শে তিনি প্রতিদিন নিয়মিত ‘সূরা আর-রহমান’ তিলাওয়াত শুরু করেন।নওমান ইজাজের ভাষ্য অনুযায়ী, এরপরই ঘটে তার জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা। ২০২৪ সালের ২৩ জুলাই তার প্রথম কেমোথেরাপি নেওয়ার কথা ছিল। তবে কেমোথেরাপি শুরুর ঠিক একদিন আগে, ২২ জুলাই চিকিৎসকরা তার শরীরের অবস্থা পুনরায় পরীক্ষা করেন।নতুন স্ক্যানের ফল দেখে চিকিৎসকরাও বিস্মিত হয়ে যান। স্ক্যানে তার শরীরে ক্যানসার বা অন্য কোনো টিউমারের আর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানান অভিনেতা।এরপর চিকিৎসকরা তার নির্ধারিত কেমোথেরাপি বাতিল করে দেন। ক্যানসারের মতো জটিল ও যন্ত্রণাদায়ক চিকিৎসার মধ্য দিয়ে না গিয়েই সুস্থ হয়ে ওঠার এই ঘটনাকে নওমান ইজাজ আল্লাহর বিশেষ রহমত হিসেবে দেখেন। তিনি এটিকে ‘জীবন্ত অলৌকিকতা’ বা মিরাকল বলে অভিহিত করেছেন।অভিনেতা জানান, সেই সময় থেকে আজ পর্যন্ত প্রতিদিন নিয়ম করে সূরা আর-রহমান তিলাওয়াত করা তার জীবনের অন্যতম অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।নওমান ইজাজের এই বিশ্বাস ও ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার ক্যানসার জয় এবং আধ্যাত্মিক বিশ্বাসের এই গল্প লাখো মানুষের মাঝে অনুপ্রেরণা তৈরি করছে।

/বিএসএস