• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ এএম


‘মালদ্বীপের সাংস্কৃতিক সার্বভৌমত্ব ও স্বাধীনতার ভিত্তি ইসলাম’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:১১ পিএম

মালদ্বীপের সাংস্কৃতিক সার্বভৌমত্ব ও স্বাধীনতার মূল ভিত্তি ইসলাম বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মুইজ্জু। তিনি বলেছেন, মালদ্বীপকে শতভাগ ইসলামী রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখাই দেশটির সবচেয়ে শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা।

মালদ্বীপ ইসলাম গ্রহণের নয়শ বছর পূর্তি উপলক্ষে হুলহুমালে সেন্ট্রাল পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

ভাষণে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, ইসলাম মালদ্বীপের ব্যক্তিজীবন, সামাজিক জীবন ও জাতীয় জীবনে যে সুরক্ষা ও সংরক্ষণের মূল্যবোধ প্রতিষ্ঠা করেছে, তা মৌলিক নীতি হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া জরুরি। ইসলামের পাঁচটি স্তম্ভের কথা উল্লেখ করে তিনি বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী বিশ্বাস যে সুরক্ষা দিয়েছে, তা মালদ্বীপের সমাজকে একটি শান্তিপূর্ণ ও বিশ্বস্ত জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে।

তিনি বলেন, ইসলামের নির্দেশনা মালদ্বীপে ইসলাম গ্রহণের আগে বিদ্যমান পৌত্তলিকতা ও সামাজিক বৈষম্যের অন্ধকার দূর করেছে। একই সঙ্গে ইসলাম এই বিশ্বাস প্রতিষ্ঠা করেছে যে মহান আল্লাহর কাছে সব মানুষ সমান। পাশাপাশি মানুষের জীবন, মালদ্বীপের জনগণের মর্যাদা ও সম্পদের পবিত্রতা রক্ষার নিশ্চয়তাও ইসলাম দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বুদ্ধিবৃত্তিক সক্ষমতা ও বিবেক রক্ষার গুরুত্ব তুলে ধরে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, মাদক ও নেশাজাতীয় দ্রব্য পরিবার ও সমাজ ধ্বংসকারী বড় অভিশাপ। এসব হুমকি থেকে জাতিকে রক্ষা করতে ইসলামী নীতির অনুসরণ অপরিহার্য। একটি উৎপাদনশীল ও প্রজ্ঞাবান প্রজন্ম গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি মানুষের চিন্তাচেতনায় সংস্কার আনার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় প্রেসিডেন্ট মুইজ্জু ‘Maldives Awqaf Investments Limited’ নামে একটি জাতীয় ওয়াকফভিত্তিক বিনিয়োগ কোম্পানি প্রতিষ্ঠার ঘোষণা দেন। ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নমূলক কাজে অর্থায়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হবে।

তিনি বলেন, এর মাধ্যমে ধর্মীয় খাতকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি এ খাতের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব হবে। প্রতিষ্ঠানটি ইসলামী শরিয়তসম্মত টেকসই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে এবং ধর্মীয় কর্মকাণ্ডের জন্য আর্থিক সম্পদের পরিমাণ বাড়াবে।

একই সঙ্গে ২০৪০ সালের মধ্যে মালদ্বীপকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জাতীয় উন্নয়ন প্রচেষ্টাতেও প্রতিষ্ঠানটি অবদান রাখবে বলে জানান প্রেসিডেন্ট।

ড. মুইজ্জু বলেন, মালদ্বীপের মানুষ যখনই দেশ রক্ষায় দাঁড়িয়েছে, তখন তারা নিজেদের ধর্ম রক্ষার আধ্যাত্মিক বিশ্বাস থেকেই তা করেছে। পর্তুগিজদের বিরুদ্ধে উথিমু বোদু থাকুরুফানুর সংগ্রামের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, মালদ্বীপের সমাজ একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র হিসেবে টিকে আছে মূলত জনগণ তাদের বিশ্বাসে অটল থাকার কারণে। তারা কখনো নিজেদের ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি বলেও মন্তব্য করেন তিনি।

ভাষণের শেষ পর্যায়ে ক্রমবর্ধমান বিশ্বায়নের নানা চ্যালেঞ্জের মধ্যেও মালদ্বীপের জনগণকে নিজেদের ঈমান ও ধর্মীয় বিশ্বাসে অটল থাকার আহ্বান জানান প্রেসিডেন্ট মুইজ্জু। তিনি বলেন, মালদ্বীপ যেন শতভাগ ইসলামী রাষ্ট্র হিসেবে টিকে থাকে, তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপের ইসলাম গ্রহণের নয়শ বছর পূর্তি উপলক্ষে এক বছরব্যাপী ব্যবহারের জন্য নির্ধারিত আনুষ্ঠানিক লোগো ও স্লোগানও উন্মোচন করেন।

অনুষ্ঠানে দেশটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃত্ব, মালদ্বীপে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, তরুণ খতিব ও কারিদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

/এএসএফ