• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম


পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ আসছে ২৪ এপ্রিল

আপডেট টাইম: ২০ এপ্রিল ২০২৬ ১০:২২ পিএম

পপ মিউজিকের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী নাম মাইকেল জ্যাকসন। তার জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ আগামী শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি জার্মানির বার্লিনে ছবিটির একটি জাঁকজমকপূর্ণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে দর্শকদের প্রতিক্রিয়া ছিল এক কথায় ‘অবিশ্বাস্য’।

চাচা মাইকেলের প্রতিচ্ছবি ভাতিজা জাফর

সিনেমাটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জাফর জ্যাকসনকে নিয়ে। সম্পর্কে তিনি মাইকেল জ্যাকসনের নিজের ভাতিজা। জাফর তার কণ্ঠ, নাচ এবং শারীরিক ভাষার মাধ্যমে পর্দায় মাইকেলকে এতটাই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন যে, অনেক দর্শক তাকে ‘শতাব্দীর সেরা অভিনয়’ বলে অভিহিত করছেন। বার্লিন উৎসবে প্রদর্শনী শেষে জাফরকে দাঁড়িয়ে সম্মান জানান দর্শক ও সমালোচকরা।

বক্স অফিসে রেকর্ড গড়ার পূর্বাভাস

প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট আশা করছে, বিশ্বজুড়ে সিনেমাটি প্রায় ৭০ কোটি ডলার আয় করবে। যদি এই পূর্বাভাস সত্যি হয়, তবে সংগীত তারকাদের নিয়ে নির্মিত মিউজিক্যাল বায়োপিকের ইতিহাসে এটি শীর্ষস্থান দখল করবে। এন্টোইন ফুকুয়া পরিচালিত এই ছবিটিতে পপসম্রাটের জীবনের বর্ণাঢ্য এবং আবেগঘন মুহূর্তগুলো নিপুণভাবে তুলে ধরা হয়েছে।

বিতর্ক ও চিত্রনাট্যে পরিবর্তন

ইতিবাচক আলোচনার পাশাপাশি সিনেমাটি ঘিরে কিছু বিতর্কও সামনে এসেছে। শোনা গিয়েছিল, মাইকেলের বিরুদ্ধে ওঠা অতীতের যৌন নির্যাতনের অভিযোগগুলোও সিনেমায় থাকবে। কিন্তু আইনি জটিলতা এবং জ্যাকসন পরিবারের আপত্তির কারণে চিত্রনাট্যে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এই রদবদলের কারণে সিনেমার নির্মাণ ব্যয় প্রায় দেড় কোটি ডলার বেড়ে গেছে।

নেটিজেনদের চোখে ‘শতাব্দীর সেরা’

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেলার এবং প্রিমিয়ারের ছবি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। জাফর জ্যাকসনের লুক দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। ভক্তদের মতে, পরিচালক এন্টোইন ফুকুয়া মাইকেল জ্যাকসনের সেই হারিয়ে যাওয়া আবেদনকে আবারও জীবন্ত করে তুলেছেন।