• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০২:৩৪ এএম


রাজনীতিতে আসছেন ধানুশ? নতুন জল্পনায় সরগরম তামিলনাড়ু!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুলাই ২০২৬ ১১:১৬ পিএম

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ধানুশকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তামিলনাড়ুতে তাঁর ফ্যান ক্লাবের সাংগঠনিক তৎপরতা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সাম্প্রতিক কিছু বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা চলছে, তবে কি রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন এই তারকা? যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি।

সম্প্রতি ভক্তদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে ধানুশ সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একসঙ্গে থাকার মধ্যেই তাদের সবচেয়ে বড় শক্তি নিহিত রয়েছে এবং সেই শক্তিকে মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত।

অভিনেতা বলেন, “আজ আপনারা সবাই এখানে একত্র হয়েছেন। এভাবে একসঙ্গে হতে পারাটাই আমাদের শক্তি। এই শক্তিকে একটি স্পষ্ট উদ্দেশ্যে কাজে লাগান এবং মানুষের পাশে দাঁড়ান।”

তিনি ভক্তদের আরও বেশি জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “প্রতিবেশীদের সমস্যাগুলো জানুন, তাঁদের একজন হয়ে পাশে দাঁড়ান এবং সাহায্য করুন।”

ধানুশের এই বক্তব্যের পর থেকেই তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, ফ্যান ক্লাবের কার্যক্রমকে জনসেবামুখী করার উদ্যোগ ভবিষ্যতে রাজনৈতিক মঞ্চে তাঁর সক্রিয় হওয়ার ইঙ্গিত হতে পারে। তবে ধানুশ বা তাঁর ঘনিষ্ঠ মহল থেকে রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা ঘোষণা দেওয়া হয়নি।

/এএসএফ