মুক্তির পর প্রেক্ষাগৃহে দর্শকদের প্রত্যাশিত সাড়া পেতে ব্যর্থ হয়েছিল মনোজ বাজপেয়ি অভিনীত অর্থনীতিবিষয়ক থ্রিলার সিনেমা ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’। তবে ওটিটিতে মুক্তির পর বদলে গেছে ছবিটির চিত্র। ভারতে প্রাইম ভিডিওর ‘মোস্ট ট্রেন্ডিং’ সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘গভর্নর’। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা।
চিন্ময় মান্ডলেকর পরিচালিত সিনেমাটি গত ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ১৯৯১ সালের ভারতের অর্থনৈতিক সংকট এবং সে সময়ের রিজার্ভ ব্যাংকের গভর্নর এস ভেঙ্কটারমনের বাস্তবজীবনের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি।
তবে সিনেমাটির গল্পে রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়বস্তুর জটিলতা থাকায় সাধারণ দর্শকদের মধ্যে প্রত্যাশিত সাড়া তৈরি হয়নি। এর প্রভাব পড়ে বক্স অফিস আয়ে। সব মিলিয়ে মাত্র সাড়ে ৭ কোটি রুপি আয় করে সিনেমাটি ফ্লপের তালিকায় জায়গা করে নেয়।
প্রেক্ষাগৃহে মুক্তির পর গত ২৪ জুলাই প্রাইম ভিডিওতে ‘রেন্ট’ হিসেবে মুক্তি দেওয়া হয় ‘গভর্নর’। মুক্তির পরই এটি রেন্টাল চার্টের শীর্ষস্থান দখল করে। এরপর ৭ আগস্ট থেকে প্রাইম ভিডিওর নিয়মিত সাবস্ক্রাইবারদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হলে সার্বিক ট্রেন্ডিং তালিকার এক নম্বরে উঠে আসে।
ভারত যখন জাতীয় দেউলিয়াত্ব ও গভীর অর্থনৈতিক সংকটের মুখোমুখি, সেই সময়ে একজন প্রশাসনিক কর্মকর্তার নেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কীভাবে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছিল, মূলত সেই ঘটনাকেই কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি। রাজনৈতিক বিরোধ ও সামাজিক অস্থিরতার মধ্যেও দেশের অর্থনীতি রক্ষার কঠিন লড়াই এবং সেই চরিত্রে মনোজ বাজপেয়ির অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পাচ্ছে।
সানশাইন পিকচার্সের ব্যানারে নির্মিত সিনেমাটিতে মনোজ বাজপেয়ির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা, মধু, জিগার সিংসহ আরও অনেকে।
প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাড়া না পেলেও ওটিটিতে এসে ‘গভর্নর’ নতুন করে সাফল্য অর্জন করেছে। এর মধ্য দিয়ে আবারও দেখা গেল, মানসম্মত কনটেন্ট উপযুক্ত প্ল্যাটফর্ম ও দর্শকদের কাছে পৌঁছালে সেখান থেকে ভালো সাড়া পাওয়া সম্ভব।
/এসএন