তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর প্রধান সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়) ও তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গমের বৈবাহিক বিরোধের অবসান ঘটেছে। সঙ্গীতা তার দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নেওয়ায় আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নিয়ে সঙ্গীতা আদালতকে মামলা প্রত্যাহারের কারণ জানান। এরপর আদালত মামলাটি খারিজ করে দেন।এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপাট্টুর একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে তিনি মতের অমিলকে বিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি খোরপোশ এবং চেন্নাইয়ের নীলানকারাইয়ে অবস্থিত তাদের যৌথ বাসভবনে বসবাস চালিয়ে যাওয়ার অনুমতিও চেয়েছিলেন।উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে ঐতিহ্যবাহী হিন্দু ধর্মীয় রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও সঙ্গীতা। ২০০০ সালে তাদের এক পুত্রসন্তান এবং ২০০৫ সালে এক কন্যাসন্তানের জন্ম হয়।চলতি বছর এই দম্পতির বিবাহবিচ্ছেদের মামলাকে ঘিরে একাধিকবার শুনানি মুলতবি করা হয়। গত মাসের শুনানিতে বিজয় ও সঙ্গীতা—দুজনেই অনুপস্থিত থাকায় বিচারক মামলার পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করেছিলেন।আগের শুনানিগুলোতেও তারা কেউই আদালতে সশরীরে উপস্থিত হননি। তাদের আইনজীবীরা আদালতে উপস্থিত থেকে ব্যক্তিগতভাবে হাজির হতে না পারার বিষয়টি তুলে ধরেছিলেন।চলতি বছরের মে মাসে বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই বৈবাহিক বিরোধ ব্যাপক জনআলোচনার জন্ম দেয়। তবে শেষ পর্যন্ত সঙ্গীতার মামলা প্রত্যাহারের মাধ্যমে সেই বিতর্কের অবসান ঘটল।
/বিএসএস