বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ৮৩ বছর বয়সেও শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বয়স যেন কোনোভাবেই থামাতে পারছে না কিংবদন্তি এই অভিনেতাকে। তবে এবার শুটিং করতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিং চলাকালে পড়ে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন অমিতাভ বচ্চন। অবশ্য চোট গুরুতর নয় বলে নিজেই জানিয়েছেন বিগ বি।গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রচারিত ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর পর্বে নিজের চোটের কথা জানান অমিতাভ বচ্চন। প্রতিদিনের মতো এদিনও দর্শকদের সামনে হাজির হন তিনি। অনুষ্ঠানের প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় দাঁড়ানোর প্রয়োজন হলেও সূচনাপর্বে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে কিছুটা অসুবিধা হচ্ছিল তার। তাই এদিন বসেই দর্শকদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন কিংবদন্তি এই অভিনেতা।অনুষ্ঠানের শুরুতেই অমিতাভ বচ্চনের মধ্যে কিছুটা পরিবর্তন চোখে পড়ে। সাধারণত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুরুতে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। কিন্তু এদিন হাঁটুর চোটের কারণে বসেই নিজের বক্তব্য শুরু করেন।কীভাবে চোট পেয়েছেন, দর্শকদের সেটিও জানান অমিতাভ বচ্চন। অভিনেতার ভাষ্য অনুযায়ী, আগের দিন শুটিং চলাকালে হঠাৎ পিছলে পড়ে যান তিনি। এতে তার বাঁ হাঁটুতে আঘাত লাগে। নিজের বাঁ হাঁটুর দিকে ইঙ্গিত করে দর্শকদের বিষয়টি জানান তিনি।অমিতাভ বচ্চনের কথা শুনে স্টুডিওতে উপস্থিত দর্শকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে তাদের আশ্বস্ত করে অভিনেতা জানান, তার চোট গুরুতর নয়।
/বিএসএস