• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ এএম


প্রতারণার মামলায় আদালতের তলব সালমান খান ও বোন আলভিরাকে!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ আগস্ট ২০২৬ ১০:২৫ পিএম

বলিউড অভিনেতা সালমান খান এবং তার বোন আলভিরা অগ্নিহোত্রীকে প্রতারণার এক মামলায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই মামলায় অভিযুক্ত করা হয়েছে ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’-এর পরিচালকদেরও।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্তা অভিযোগ করেছেন, সালমান খানের দাতব্য উদ্যোগ ‘বিয়িং হিউম্যান ফাউন্ডেশন’-এর নাম ব্যবহার করে তাকে একটি গয়নার শোরুম চালু করতে উৎসাহিত করা হয়। তবে ব্যবসা শুরু করার পর চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন।

অভিযোগ অনুযায়ী, শোরুমটিতে তিনি প্রায় ৩ কোটি রুপি বিনিয়োগ করেন। এর মধ্যে শুরুতেই প্রায় ১ কোটি রুপি ব্যয় হয়েছিল। কিন্তু ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ডের জুয়েলারি বিক্রির লাইসেন্সধারী প্রতিষ্ঠান ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’ প্রতিশ্রুত সহায়তা না দেওয়ায় ২০২০ সালের ফেব্রুয়ারিতে শোরুমটি বন্ধ করে দিতে বাধ্য হন।

অন্যদিকে, সালমান খানের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, অরুণ গুপ্তার সঙ্গে সালমান খানের কোনো প্রত্যক্ষ চুক্তি ছিল না। তিনি শুধু ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ড ব্যবহারের অনুমতি দিয়েছিলেন।

মামলাকারীর দাবি, জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘বিগ বস’-এর সেটে সালমান খানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সে সময় অভিনেতা শোরুম উদ্বোধনে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে এখন পর্যন্ত সালমান খান বা আলভিরা অগ্নিহোত্রী প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

আদালত আগামী ৫ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন। একই সঙ্গে সালমান খান, আলভিরা অগ্নিহোত্রী এবং স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেডের পরিচালকদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: ভারতীয় গণমাধ্যম

/এএসএফ