রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামের ওপেন কনসার্টে গান পরিবেশনের সময় কিংবদন্তি সংগীতশিল্পী হাসানের মাথায় দর্শকসারি থেকে ছোড়া একটি বোতল এসে আঘাত করে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরও তিনি পরিস্থিতি সামলে আবার মঞ্চে গান পরিবেশন শুরু করেন।
ঘটনার ভিডিও অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর এটি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই ঘটনাটিকে দেশের সংগীতাঙ্গনের জন্য অত্যন্ত ন্যক্কারজনক বলে অভিহিত করেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ এ আয়োজনের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন ওঠে।
তবে এ ঘটনায় বিতর্ক আরও বাড়াতে চাননি শিল্পী হাসান। বরং বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার কথা জানিয়ে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হাসান নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি লেখেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হইনি। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনো দেখিনি বা ভাবিনি। তারপরও আমি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’
দেশের শিল্পীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়টি তুলে ধরে তিনি আরও লেখেন, ‘আমার একটাই অনুরোধ, ভবিষ্যতে আমার দেশের কোনো শিল্পীই যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন। কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তারা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তারা শুধু মানুষের ভালোবাসা চান। কোনো শিল্পীকে এভাবে অসম্মান করা বা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি করা উচিত নয়।’
পোস্টে শিল্পীদের দলীয় বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মূল্যায়ন না করার আহ্বান জানিয়ে আর্ক ব্যান্ডের এই শিল্পী লেখেন, ‘আমাদের দেশে অনেক সময় শিল্পীদের রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়, এটা ঠিক নয়। একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই বলে তাকে কোনো রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়। শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান। তাই তাদের প্রাপ্য সম্মান দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব।’
হাসানের এই পোস্টের মন্তব্যের ঘরে সাধারণ ভক্তদের পাশাপাশি সংগীতাঙ্গনের অনেক শিল্পীও ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন। তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান মন্তব্যে লেখেন, ‘আমরা এরকমই অশিক্ষিত এবং গন্ড মূর্খ। আমরা গুণীর কদর করতে জানি না ভাইয়া। ক্ষমা করবেন!’
এছাড়া অসংখ্য ভক্ত ও নেটিজেনও মন্তব্যে দুঃখ প্রকাশ করে শিল্পী হাসানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
এদিকে, কনসার্টে শিল্পী হাসানের ওপর বোতল নিক্ষেপের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সাধারণ দর্শক থেকে শুরু করে সংগীত ও অভিনয় অঙ্গনের তারকারাও ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে ফ্রি কনসার্টের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
প্রিন্স মাহমুদ, মীর মাসুম, মিশা সওদাগর, রবি চৌধুরী, লুৎফর হাসান ও তানভীর তারেকসহ বিভিন্ন শিল্পী ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
/এসএন