• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০২:৫৫ এএম


টাকার বিনিময়ে মাসে পাঁচবার যৌন সম্পর্কের প্রস্তাব, তিক্ত অভিজ্ঞতা জানালেন আকাঙ্ক্ষা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ আগস্ট ২০২৬ ১:০৮ এএম

মডেল ও রিয়েলিটি তারকা আকাঙ্ক্ষা চৌধুরী নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’ থেকে বিদায় নেওয়ার আগে জীবনের একটি তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, সৌন্দর্য প্রতিযোগিতার সঙ্গে যুক্ত এক প্রভাবশালী ব্যক্তি তাঁকে আর্থিক সহায়তার বিনিময়ে যৌন সম্পর্কে জড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। জাতীয় টেলিভিশনে নিজের এমন ব্যক্তিগত অভিজ্ঞতার কথা প্রকাশ করায় শোর সঞ্চালক ফারাহ খান ও রিতেশ দেশমুখ আকাঙ্ক্ষার সাহসের প্রশংসা করেছেন।

শো থেকে বিদায়ের সময় আকাঙ্ক্ষা বলেন, একটি বিউটি পেজেন্টে অংশ নিতে তাঁর এক থেকে দুই লাখ রুপি প্রয়োজন ছিল। পোশাক, প্রশিক্ষণসহ বিভিন্ন খরচ বহন করার মতো আর্থিক সামর্থ্য তাঁর পরিবারের ছিল না। এ অবস্থায় দীর্ঘদিনের পরিচিত এক প্রভাবশালী ব্যক্তির কাছে আর্থিক সহায়তা চান তিনি। ওই ব্যক্তি অতীতে বিভিন্ন প্রতিযোগীকে আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন বলে তাঁর কাছেই যাওয়ার সিদ্ধান্ত নেন আকাঙ্ক্ষা।

আকাঙ্ক্ষা জানান, অর্থ ধার নেওয়ার বিনিময়ে কাজ করে সেই টাকা পরিশোধ করার প্রস্তাবও তিনি দিয়েছিলেন। তাঁর ভাষ্য, প্রকৌশল বিষয়ে পড়াশোনা এবং ভালো যোগাযোগ দক্ষতা থাকায় চাকরি বা অন্য কোনো কাজ করে ঋণ পরিশোধ করতে চেয়েছিলেন তিনি। ওই ব্যক্তি এতে রাজি হয়ে তাঁকে নিজের বাসায় যেতে বলেন।

আকাঙ্ক্ষার দাবি, এর আগে বিভিন্ন অনুষ্ঠানে পরামর্শদাতাদের সঙ্গে ওই ব্যক্তির বাসায় গিয়েছিলেন তিনি। কিন্তু সেদিন পরিস্থিতি ছিল ভিন্ন। আকাঙ্ক্ষার ভাষ্য, সেখানে পৌঁছানোর পর ওই ব্যক্তি তাঁকে আলিঙ্গন করেন। তবে সেটি স্বাভাবিক আলিঙ্গন ছিল না। তাঁর অভিযোগ, ওই ব্যক্তি জোর করে তাঁকে স্পর্শ করেন এবং তিনি তাঁকে সরিয়ে দেন।

এরপর ওই ব্যক্তি তাঁকে বলেন, এক বছর আগে তাঁর প্রস্তাবে রাজি হলে এত দিনে অভিনয়ের সুযোগ পেয়ে যেতেন আকাঙ্ক্ষা। এখন যেহেতু তিনি কাজ পাচ্ছেন না, তাই অর্থের বিনিময়ে তাঁর সঙ্গে যৌন সম্পর্কে জড়াতে হবে। আকাঙ্ক্ষার দাবি, ওই ব্যক্তি এমনকি মাসে পাঁচবার যৌন সম্পর্কের শর্তও নির্ধারণ করে দিয়েছিলেন।

আকাঙ্ক্ষা জানান, তিনি সঙ্গে সঙ্গেই ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাঁর ভাষ্য, তিনি ওই ব্যক্তিকে বলেন, আগে বিষয়টি জানলে কখনোই সেখানে যেতেন না। জবাবে ওই ব্যক্তি তাঁকে বলেন, ভবিষ্যতে এই সিদ্ধান্তের জন্য তাঁকে অনুতপ্ত হতে হবে এবং এই ইন্ডাস্ট্রিতে এমন সমঝোতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়।

তবে আকাঙ্ক্ষা জানান, তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি। তাঁর দাবি, ঘটনার ছয় মাস পর তিনি একটি বড় শোতে সুযোগ পান। এরপর এক বছরের মধ্যেই নিজের পরিশ্রমের জোরে দেশের অন্যতম বড় মঞ্চে দাঁড়ানোর সুযোগ অর্জন করেন।

আকাঙ্ক্ষার বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন ফারাহ খান। তিনি বলেন, ‘আশা করি, সেই ব্যক্তি এই অনুষ্ঠান দেখছেন এবং দেখছেন তুমি আজ কোথায় পৌঁছেছ। তোমার চিন্তাধারা পিছিয়ে থাকা নয়, বরং সঠিক। আমি তোমাকে নিয়ে গর্বিত।’

রিতেশ দেশমুখও আকাঙ্ক্ষার অবস্থানের প্রশংসা করেন। তিনি বলেন, ‘তুমি নিজের জন্য যে অবস্থান নিয়েছ, সেটি খুবই গুরুত্বপূর্ণ। তোমার এই অভিজ্ঞতা একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়া অনেক মেয়েকে সাহস জোগাবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে যে বড় জায়গায় পৌঁছানো যায়, তুমি তার প্রমাণ।’

তবে নিজের অভিযোগে অভিযুক্ত ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি আকাঙ্ক্ষা। ফলে তাঁর বক্তব্যের বিষয়ে স্বাধীনভাবে অভিযুক্ত ব্যক্তির প্রতিক্রিয়া নেওয়া বা অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

‘লক আপ: সাচ ইয়া সাজা’–এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ৫ আগস্ট।