আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য এবং এর ওপর আরোপিত করহার অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ ঘোষণা দেন। প্রশ্নে তিনি বিড়ির ওপর সুনির্দিষ্ট হারে কর বৃদ্ধি, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও স্বাস্থ্য উন্নয়ন সারচার্জের হার পুনর্মূল্যায়ন এবং বিড়ির খুচরা মূল্য আরও বাড়ানোর প্রস্তাব উত্থাপন করেছিলেন।
জবাবে অর্থমন্ত্রী বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সরকার আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ির বিদ্যমান মূল্য ও কর কাঠামোতে কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্ত নিয়েছে।
এর ফলে চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরেও বিড়ির বর্তমান খুচরা মূল্য এবং এর ওপর প্রযোজ্য করহার অপরিবর্তিত থাকবে। অর্থাৎ বিড়ির ক্ষেত্রে বিদ্যমান মূল্য ও কর কাঠামোই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
/এসএন