ধূমপান নিরুৎসাহিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামাল ও নিকোটিন আমদানির ওপর ৩০০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তামাকজাত পণ্যের ব্যবহার কমানোর উদ্দেশ্যে এই পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্যসেবাখাতে বিভিন্ন কর-সুবিধা দেওয়ার বিষয়ও নতুন বাজেটে অন্তর্ভুক্ত হতে পারে।
প্রস্তাবিত বাজেটে হৃদ্রোগ চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং এবং চোখের লেন্সের ওপর বিদ্যমান ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের উদ্যোগ থাকতে পারে। এছাড়া কিডনি ডায়ালাইসিস সেবায় ব্যবহৃত যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট পণ্যের আমদানিতে কাস্টমস শুল্ক কমানোর পরিকল্পনাও রয়েছে।
স্বাস্থ্য খাতকে আরও সহায়তা দিতে ডায়ালাইসিস-সংশ্লিষ্ট সেবার ক্ষেত্রে ভ্যাট ও আয়কর অব্যাহতির বিষয়ও বিবেচনায় রাখা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে তথ্যপ্রযুক্তিনির্ভর পেশাজীবীদের জন্যও কিছু সুবিধা আসতে পারে। নতুন বাজেটে ফ্রিল্যান্সিং ও কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর ও ভ্যাট ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হতে পারে।
করদাতাদের জন্যও স্বস্তির খবর রয়েছে। করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকায় উন্নীত করার একটি প্রস্তাব বিবেচনায় রয়েছে। এটি বাস্তবায়িত হলে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর করের চাপ কিছুটা কমতে পারে।
এছাড়া ভ্যাট ব্যবস্থাপনায়ও বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ইনপুট-আউটপুট কোয়েফিশিয়েন্ট ঘোষণার ক্ষমতা দেওয়ার প্রস্তাব রাখা হতে পারে।
তবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য কর্পোরেট করহার আপাতত অপরিবর্তিত রাখার চিন্তাভাবনা করছে সরকার।
/এসএন