• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম


১৯৯৪ সালে ৯৩০ টাকা থেকে শুরু, বর্তমানে কত বেতন পান পোশাকশ্রমিকরা?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ নভেম্বর ২০২৬ ৬:৫৫ পিএম

দেশে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ১২ নভেম্বর সরকার সর্বশেষ মজুরি কাঠামো ঘোষণা করে এ বেতন নির্ধারণ করে। তবে বিদ্যমান মজুরি কাঠামো পরিবর্তন করে সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর মিরপুর, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে।

শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে রোববার (১ নভেম্বর) পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করেছে সরকার। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বর্তমান মজুরি কাঠামো

২০২৩ সালের মজুরি কাঠামো অনুযায়ী, পোশাকশ্রমিকদের বেতন পাঁচটি গ্রেডে নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে প্রথম গ্রেডে সর্বোচ্চ মোট মাসিক মজুরি ১৪ হাজার ৭৫০ টাকা। দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ১৫০ টাকা, তৃতীয় গ্রেডে ১৩ হাজার ৫৫০ টাকা, চতুর্থ গ্রেডে ১৩ হাজার ২৫ টাকা এবং পঞ্চম গ্রেডে সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।

অন্যদিকে, পোশাকশিল্পের কর্মচারীদের জন্য চারটি গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছিল। তাঁদের সর্বোচ্চ গ্রেডে মোট মাসিক মজুরি ১৮ হাজার ৮০০ টাকা। আর শিক্ষানবিশ কর্মচারীদের জন্য নির্ধারিত মজুরি ছিল ৯ হাজার ৯৫০ টাকা।

নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া

শ্রম আইন, ২০০৬-এর সংশোধিত ১৩৯ ধারা অনুযায়ী, নতুন মজুরি বোর্ড সংশ্লিষ্ট শিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করবে। এরপর বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে সরকার নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করবে। গেজেট প্রকাশের মাধ্যমে নতুন কাঠামো কার্যকর করা হবে।

এর আগে ২০১৮ সালে পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছিল। ওই সময় সাতটি গ্রেডে শ্রমিকদের বেতন নির্ধারণ করা হয়। তখন সর্বনিম্ন মাসিক মজুরি ছিল ৮ হাজার টাকা।

যেভাবে বেড়েছে পোশাকশ্রমিকদের মজুরি

দেশে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি প্রথম নির্ধারণ করা হয় ১৯৯৪ সালে। সে সময় প্রথম মজুরি বোর্ড শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করেছিল ৯৩০ টাকা।

এরপর ২০০৬ ও ২০১০ সালে শ্রমিকদের মজুরি বাড়ানো হয়। ২০১৩ সালে নিম্নতম মজুরি ৭৬ শতাংশ বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

পরবর্তী সময়ে ২০১৮ সালে সাতটি গ্রেডে নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হয়। সর্বশেষ ২০২৩ সালের ১২ নভেম্বর সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণা করে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে।

/এসএন