• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ পিএম


শনিবার খোলা থাকবে দেশের সব তফসিলি ব্যাংক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ অক্টোবর ২০২৬ ১০:২৬ পিএম

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এই ছুটির সঙ্গে সমন্বয় করতে আগামী শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক বন্ধ রাখার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নানের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার—বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ছুটি সমন্বয়ের জন্য ১৭ অক্টোবর শনিবার দেশের সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে বন্দর এলাকায় ব্যাংকের শাখা ও বুথের কার্যক্রম সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে। সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অর্থাৎ পোর্ট ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথ সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ডিওএস বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

সে অনুযায়ী, ২০২৬ সালের ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটির দিন এবং ২৩ ও ২৪ অক্টোবর—শুক্রবার ও শনিবার—সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাংকগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে গত ৭ অক্টোবর সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক দিন ছুটি বাড়ানোর ঘোষণা দেয়। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল।

এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকার কথা থাকলেও সম্প্রতি মন্ত্রিসভায় ওই দিনটিতেও নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়। ফলে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দুর্গাপূজার ছুটি থাকবে। এর পর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।

তবে এই ছুটির সঙ্গে সমন্বয় করতে আগের সাপ্তাহিক ছুটির দিন ১৭ অক্টোবর শনিবারের ছুটি বাতিল করা হয়েছে। ফলে ওই দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসও খোলা থাকবে।

/এসএন