• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৭ এএম


বয়লার বিস্ফোরণে থেমে গেছে উৎপাদন

আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ এপ্রিল ২০২৬ ৫:২০ পিএম

দিনাজপুরের পার্বতীপুর-এ অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে ফেরার মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে আবারও বন্ধ হয়ে গেছে। বয়লার টিউব বিস্ফোরণের কারণে শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ উৎপাদন হঠাৎ বন্ধ করতে হয়।

কর্তৃপক্ষ জানায়, বয়লারের টিউব ফেটে যাওয়ার ঘটনায় ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়। ফলে বর্তমানে কেন্দ্রটির সব ইউনিটের উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।

এর আগে গত বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে একই ইউনিটের বয়লার পাইপ ফেটে যাওয়ায় কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে দ্রুত মেরামত কাজ শেষে প্রায় ৪৬ ঘণ্টা পর শুক্রবার রাত ৮টা ৭ মিনিটে ইউনিটটি পুনরায় চালু করা হয়েছিল।

কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ায় ইউনিটটি বন্ধ করতে হয়েছে। বর্তমানে বয়লারের স্টিম ঠান্ডা করার কাজ চলছে এবং মেরামত শেষে উৎপাদনে ফিরতে আরও ৫ থেকে ৬ দিন সময় লাগতে পারে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি ২০২৪ সালের নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এছাড়া ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকেই বন্ধ। ফলে একমাত্র সচল প্রথম ইউনিটটিও বন্ধ হয়ে যাওয়ায় পুরো বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে পড়েছে।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদিত কয়লার ওপর ভিত্তি করে ২০০৬ সালে এই বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করা হয়। শুরুতে দুটি ইউনিটে মোট ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো। পরে ২০১৭ সালে আরও একটি ২৭৫ মেগাওয়াট ইউনিট যুক্ত হওয়ায় মোট উৎপাদন ক্ষমতা দাঁড়ায় ৫২৫ মেগাওয়াট। তবে নানা যান্ত্রিক সমস্যার কারণে কেন্দ্রটি কখনোই পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারেনি।