দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় সংগঠনটি এ তথ্য জানায়।
বার্তায় বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করায় সরকারকে সাধুবাদ জানানো হচ্ছে। এতে তেলের মজুত করে রাখার প্রবণতা কমবে এবং বিক্রিতে স্বচ্ছতা বাড়বে বলে তারা মনে করে।
এর আগে শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। পরে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা লিটার করা হয়েছে।