ভোক্তা পর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি খাতে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।
রোববার (২ আগস্ট) বিইআরসি এ-সংক্রান্ত পৃথক আদেশ ও সংবাদ বিজ্ঞপ্তি জারি করে। নতুন মূল্য একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের মূল্য বৃদ্ধি, জাহাজভাড়া, ট্রেডারের প্রিমিয়াম এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
আগস্ট মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেনের মূল্য প্রতি মেট্রিক টন ৬২০ মার্কিন ডলার এবং বিউটেনের মূল্য ৬৪০ মার্কিন ডলার। ৩৫:৬৫ অনুপাতে দুই কাঁচামালের গড় সৌদি কন্ট্রাক্ট প্রাইস (Saudi CP) ধরা হয়েছে প্রতি মেট্রিক টন ৬৩৩ মার্কিন ডলার। এর সঙ্গে প্রতি মেট্রিক টনে ১৮০ মার্কিন ডলার জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম এবং প্রতি ডলারের গড় বিনিময় হার ১২৩ টাকা ৬৯ পয়সা বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন হিসাব অনুযায়ী, বেসরকারি এলপিজির খুচরা মূল্য প্রতি কেজি নির্ধারণ করা হয়েছে ১৩৩ টাকা ১৫ পয়সা। এ হিসাবে ৫.৫ কেজির সিলিন্ডারের দাম ৭৩২ টাকা, ১২.৫ কেজির ১ হাজার ৬৬৪ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৯৭ টাকা, ১৬ কেজির ২ হাজার ১৩০ টাকা এবং ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২০ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৬৬৩ টাকা, ২২ কেজির ২ হাজার ৯২৯ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৩২৯ টাকা, ৩০ কেজির ৩ হাজার ৯৯৫ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ৩৯৪ টাকা, ৩৫ কেজির ৪ হাজার ৬৬০ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৯২ টাকা।
সিলিন্ডার গ্যাসের পাশাপাশি বেসরকারি রেটিকুলেটেড এলপিজির মূল্যও সমন্বয় করা হয়েছে। বাসাবাড়িতে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা রেটিকুলেটেড এলপিজির দাম প্রতি কেজি ১২৯ টাকা ৪০ পয়সা এবং গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা এলপিজির মূল্য প্রতি ঘনমিটার ২৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা।
তবে সরকারি খাতের এলপিজির দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বিইআরসির আগের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ১২.৫ কেজি এলপিজি সিলিন্ডারের ভোক্তা মূল্য ৭৭৬ টাকা ৯৩ পয়সাই বহাল থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, এলপিজি মজুদ, বোতলজাত, পরিবহন, পরিবেশক কিংবা খুচরা বিক্রির কোনো পর্যায়েই নির্ধারিত মূল্যের বেশি আদায় করা যাবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
/এএসএফ