রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৩২০ থেকে ৩৬০ টাকায় পৌঁছানোয় বাজার স্থিতিশীল রাখতে আমদানির অনুমতি দিয়েছে সরকার। একই সঙ্গে কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান করও কমানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। পাশাপাশি পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামও উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে মন্ত্রীরা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে নিত্যপণ্যের সরবরাহ, মূল্য এবং সার্বিক বাজার পরিস্থিতির খোঁজখবর নেন।পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। তিনি জানান, সোমবার থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে। এর ফলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যেই কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভোক্তাদের স্বার্থে বাজারকে সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সরেজমিনে যা দেখা যাবে, তা বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে। এতে মানুষ সচেতন হবে, বিভ্রান্তি কমবে এবং কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজির সুযোগ পাবে না।
/বিএসএস