• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১২:৩২ পিএম


জুলাই গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র করে চট্টগ্রামে উত্তে’জনা, সভা-সমাবেশ নি’ষিদ্ধ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ মে ২০২৬ ৩:০৪ পিএম

চট্টগ্রাম নগরের শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারের পিলারে আঁকা জুলাই গণ-অভ্যুত্থানভিত্তিক গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

সোমবার (১৮ মে) সকালে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্দিষ্ট এলাকায় কোনো ধরনের জনসমাবেশ, মিছিল বা সভা-মিটিং করা যাবে না। জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

জানা গেছে, নগরের টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনে ফ্লাইওভারের পিলারে আঁকা জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত গ্রাফিতি মুছে ফেলে সেখানে বিজ্ঞাপনের জন্য ভাড়া দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে এনসিপির নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেন।

এর জবাবে বিএনপির নেতাকর্মীরাও পাল্টা মিছিল ও সমাবেশ করেন। একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে এবং পাল্টাপাল্টি স্লোগান শুরু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সোমবার সকালে এনসিপির নেতাকর্মীরা আবারও ফ্লাইওভারের পিলারে নতুন করে গ্রাফিতি আঁকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন দাবি করেছেন, গ্রাফিতির ওপর পোস্টার লাগানোর কারণে দেয়ালের সৌন্দর্য নষ্ট হয়েছিল। এ কারণেই দেয়ালটি নতুন করে রং করা হয়েছে। তবে সেখানে আবারও গ্রাফিতি আঁকা হবে বলেও তিনি জানিয়েছেন।

/এসএন