• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০১:৩২ পিএম


চিপ্সের প্যাকেটে থাকা খেলনা বল গিলে ৫ বছরের শিশুর মৃত্যু!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ আগস্ট ২০২৬ ১১:৪৫ এএম

ভারতের কর্ণাটকের মাইসুরু জেলায় চিপসের প্যাকেটের ভেতরে থাকা একটি ছোট প্লাস্টিকের খেলনা বল গিলে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১ আগস্ট) মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত শিশুটির নাম মুকুন্দ ময়ূর। সে সাবেক গ্রাম পঞ্চায়েতের সহ-সভাপতি গৌরাম্মা ও শঙ্কর নায়কের নাতি এবং সন্তোষ ও ঐশ্বর্যার একমাত্র ছেলে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, কুরকুরের একটি প্যাকেটের ভেতরে উপহারসামগ্রী হিসেবে রাখা ছোট প্লাস্টিকের বলটি শিশুটি মুখে দেয়। পরে সেটি গিলে ফেললে বলটি তার গলায় আটকে যায়। এতে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর হুনসুর গ্রামীণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে এবং প্যাকেটে থাকা খেলনাটির ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে চলতি বছরের মার্চে একই জেলার হুনসুর এলাকার দোড্ডাহেজ্জুর গ্রামেও শ্বাসরোধজনিত আরেকটি মর্মান্তিক দুর্ঘটনায় ছয় মাস ১৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়।

চিন্ময় গৌড়া নামে ওই শিশু বড় ভাইবোনদের সঙ্গে খেলছিল। এ সময় বাড়ির প্রবেশপথে পূজার জন্য রাখা শুকনো জবা ফুলের একটি অংশ মুখে দেয়। ভাইবোন সেটি বের করার চেষ্টা করলে শিশুটি ফুলের অংশটি গিলে ফেলে।

পরে তার শ্বাসকষ্ট শুরু হলে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মাইসুরুর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত শিশুটির মৃত্যু হয়।

/এএসএফ