• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৩:০০ পিএম


কক্সবাজারে রেস্টুরেন্টে খাবার খেয়ে অসুস্থ ৩০ পর্যটক!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ মে ২০২৬ ১১:১০ পিএম

পর্যটন নগরী কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের একটি রেস্তোরাঁয় খাবার খেয়ে অন্তত ৩০ পর্যটক অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার রাতে সুগন্ধা পয়েন্টে অবস্থিত আল-গণী রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের ১৩০ সদস্যের একটি দল শিক্ষা সফরে কক্সবাজারে আসে। শুক্রবার রাতে দলের ৩০ জন সদস্য আল-গণী রেস্তোরাঁয় রাতের খাবার খান। এর কিছুক্ষণ পর তাদের মধ্যে বমি, ডায়রিয়া ও তীব্র পেটব্যথার উপসর্গ দেখা দেয়।

পরে রাত সাড়ে ১১টার পর থেকে অসুস্থদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা শুরু হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তানবী জান্নাত জানান, রাত সাড়ে ১১টা থেকে পর্যটকেরা হাসপাতালে আসতে শুরু করেন। মোট ৩০ জন চিকিৎসা নিয়েছেন। প্রাথমিকভাবে এটি খাদ্য বিষক্রিয়ার ঘটনা বলে মনে হয়েছে।

তিনি আরও জানান, কয়েক ঘণ্টা চিকিৎসা ও পর্যবেক্ষণের পর শনিবার দুপুরে আক্রান্তদের শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

এদিকে ঘটনার পর শনিবার বিকেলে আল-গণী রেস্তোরাঁ ও হোটেল সী প্যালেসে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুভ্র দাশ বলেন, অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে রেস্তোরাঁটির রান্নাঘরে চরম অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া গেছে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে।

একই দিনে শহরের আরেকটি প্রতিষ্ঠান হোটেল সী প্যালেসের রেস্টুরেন্টেও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় সমপরিমাণ জরিমানা করা হয়।

/এএসএফ