• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০১:২৪ পিএম


ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ১০ ফুটের ‘পার্টিসিপেশন ট্রফি’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ আগস্ট ২০২৬ ১০:৩০ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে ১০ ফুট উঁচু একটি ‘পার্টিসিপেশন ট্রফি’ স্থাপন করা হয়েছে। মূলত ইরান যুদ্ধ-সংক্রান্ত তার ভূমিকা ও বিভিন্ন সিদ্ধান্তকে বিদ্রূপ করতেই এই শিল্পকর্ম তৈরি করা হয়েছে।

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সিক্রেট হ্যান্ডশেক’ নামের একটি শিল্পীগোষ্ঠী ট্রফিটি নির্মাণ করেছে। ব্যঙ্গাত্মক এই শিল্পকর্মটি বর্তমানে ম্যানহাটনের ফোলি স্কয়ারে প্রদর্শিত হচ্ছে। স্থানটি ২০২৪ সালের ‘হাশ মানি’ মামলায় ট্রাম্পের বিচার হওয়া আদালতের কাছাকাছি।

সোনালি রঙের ট্রফিটি প্রথম গত ১৩ জুলাই ওয়াশিংটনের ন্যাশনাল মলে প্রদর্শন করা হয়েছিল। পরে এটি নিউইয়র্কে আনা হয়।

ট্রফিটির নিচে সংযুক্ত ফলকে ট্রাম্পের ইরান যুদ্ধ-সংক্রান্ত ভূমিকা নিয়ে ব্যঙ্গাত্মক ভাষায় লেখা হয়েছে, ‘ইরান যুদ্ধে উৎসাহী অংশগ্রহণের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে এই পার্টিসিপেশন ট্রফি প্রদান করা হচ্ছে। অন্যরা যখন সামরিক কৌশল, কূটনীতি কিংবা বাস্তব ফলাফল নিয়ে ব্যস্ত ছিলেন, তখন তিনি ফলাফল যাই হোক না কেন, অংশ নেওয়ার সাহস দেখিয়েছেন।’

শিল্পকর্মটির নিচে বিভিন্ন অলংকারের পাশাপাশি একটি ‘WWE’ চ্যাম্পিয়নশিপ বেল্টও রাখা হয়েছে, যা ব্যঙ্গাত্মক উপস্থাপনার অংশ হিসেবে যুক্ত করা হয়েছে।

শিল্পীগোষ্ঠী ‘সিক্রেট হ্যান্ডশেক’ জানিয়েছে, ট্রফিটি পুরো সপ্তাহ প্রদর্শনের জন্য রাখা হবে। তারা আশা করছে, নিউইয়র্কের বাসিন্দারা এতে আরও বিভিন্ন প্রতীকী উপকরণ যুক্ত করবেন।

গোষ্ঠীটির ভাষ্য, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে দেওয়ার মতো কোনো অর্জনই খুব ছোট, খুব দূরের কিংবা খুব অযোগ্য নয়।’

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

/এএসএফ