• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৩:০২ পিএম


মাদারীপুরে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ এপ্রিল ২০২৬ ৪:৫৭ পিএম

মাদারীপুরের ডাসার উপজেলায় অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ দল। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ির মাটির নিচে তৈরি গুদাম থেকে প্রায় ৩৭ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল। অভিযানে বাচ্চু সরদার নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ তেল মজুত অবস্থায় পাওয়া যায়। অভিযোগ রয়েছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি লাভের আশায় এসব তেল গোপনে মজুত করে রাখা হয়েছিল।

এ ঘটনায় অবৈধভাবে তেল মজুতের দায়ে বাচ্চু সরদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা তেল দ্রুত বাজারে সরবরাহের শর্তে তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (২০ এপ্রিল) দিনের মধ্যেই এসব তেল বাজারে ছাড়তে হবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার অস্থিতিশীল করতে এবং অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে এ ধরনের অবৈধ মজুত করা হয়েছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।