জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আবেদন নিষ্পত্তির কার্যক্রম পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ দিতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে সাংবিধানিক সংস্থাটি।
রোববার (২ আগস্ট) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া সহজ করতে আবেদনকারীদের জমা দেওয়া প্রমাণপত্র যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য চার সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)। সদস্য হিসেবে থাকবেন উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী) এবং সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট)। আর সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন)।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে—
চাহিত সংশোধনের ধরন অনুযায়ী আবেদনগুলো শ্রেণিবিন্যাস করা এবং প্রতিটি ধরনের সংশোধনের জন্য প্রয়োজনীয় প্রমাণপত্রের তালিকা প্রস্তুত করা।
‘ঘ’ ক্যাটাগরিতে অপর্যাপ্ত প্রমাণপত্রের কারণে বাতিল হওয়া এবং পরে পুনরায় জমা দেওয়া আবেদন পর্যাপ্ত দলিলসহ উপস্থাপন করা হলে সেগুলোর নিষ্পত্তি বিষয়ে সুপারিশ করা।
এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করা।
আবেদন ইলেকট্রনিকভাবে নিষ্পত্তির সময় উদ্ভূত জটিলতা দূর করতে সিএমএস পোর্টালে প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়ে মতামত দেওয়া।
এনআইডি লক, আনলক এবং রোলব্যাক সংক্রান্ত যৌক্তিকতা নির্ধারণে সুপারিশ প্রদান।
নির্বাচন কমিশনের সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।
/এএসএফ