নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। তাঁদের মাধ্যমে স্তন ও জরায়ুমুখের ক্যানসারসহ বিভিন্ন রোগের প্রাথমিক শনাক্তকরণ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে অসহায় ও দুস্থ নারী, কর্মজীবী নারী এবং জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে গুরুত্ব
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্তন ও জরায়ুমুখের ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ কারণে নারীদের মধ্যে এসব রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
তিনি জানান, স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের কাউন্সেলিংয়ের উদ্যোগ নেওয়া হবে।
পাশাপাশি জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে সরকার ইতোমধ্যে মাধ্যমিক পর্যায়ে টিকাদান কর্মসূচি চালু করেছে। নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ক্যানসারের ঝুঁকি কমাতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ সরকার
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের অনেক বন্ধু থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না। আয়তনে বাংলাদেশ ছোট হতে পারে, তবে ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির গুরুত্ব অনেক।
তিনি বলেন, বাংলাদেশের এক ইঞ্চি মাটির ওপরও কারও প্রভুত্ব মেনে নেওয়া হবে না। দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ অনেকে।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী ৩০০ জনের মধ্যে সেলাই মেশিন ও ফলজ বৃক্ষ বিতরণ করেন।
/এএসএফ