‘পাসপোর্ট অফিসে নিজেদের রোহিঙ্গা মনে হয়’, এমপিকে ভুক্তভোগীর খুদে বার্তা
কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কাছে খুদে বার্তা পাঠিয়েছেন এক ভুক্তভোগী। বার্তায় তিনি লিখেছেন, ‘মাননীয় এমপি, পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের কাছে নিজেদের রোহিঙ্গা মনে হয়।’
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শনে গেলে সংসদ সদস্যের হাতে ওই খুদে বার্তাটি তুলে দেওয়া হয়। এতে পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করার পাশাপাশি সাধারণ মানুষের হয়রানি বন্ধে অভিযান চালানোর অনুরোধ জানানো হয়েছে।
খুদে বার্তায় ওই ভুক্তভোগী লিখেছেন, ‘প্রিয় এমপি মহোদয়, আপনার কাছে একটি চাওয়া ও পাওয়া হলো—কুমিল্লা জেলার পাসপোর্ট অফিস দালালমুক্ত করুন প্লিজ। আমরা যারা কুমিল্লা সদরবাসী, পাসপোর্ট কর্মকর্তা ও কর্মচারীদের কাছে নিজেদের রোহিঙ্গা মনে হয়। মাননীয় এমপি, আপনি একদিন পাসপোর্ট অফিসে দয়া করে অভিযান দিন। আমরা ও পরিবারের পাসপোর্ট সহজে করতে পারি না অফিসে যুক্ত দালালদের কারণে।’
এদিকে পরিদর্শনকালে পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা মানুষের ভোগান্তি দেখে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
তিনি বলেন, ‘আমরা প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা বলি, কিন্তু বাস্তবে তাদের মতো অত্যাচারিত কেউ নেই। প্রতিটি সেক্টরে তারা হয়রানির শিকার হচ্ছেন। পাসপোর্ট অফিস, এনআইডি অফিস, জন্মসনদ থেকে শুরু করে বিমানবন্দর—এমন কোনো জায়গা নেই, যেখানে তারা হয়রানির শিকার হন না।’
তিনি আরও বলেন, সবকিছু সরকারি দপ্তর হওয়ার পরও প্রবাসীদের কেন এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরতে হবে? এক জায়গায় কেন তাঁরা সেবা পাবেন না? পাসপোর্ট নবায়ন ও সংশোধন করতে এসেও প্রতিনিয়ত তাঁদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ সদস্য জানান, এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. নুরুল হাফিজের সঙ্গে কথা বলেছেন তিনি। আগামী রবিবার থেকে হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়েছেন।
এ ছাড়া বড় জেলা হিসেবে কুমিল্লার উত্তর ও দক্ষিণে দুটি সাব-অফিস এবং একটি বিভাগীয় কার্যালয় স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে পুলিশ সুপারের সঙ্গেও কথা বলেছেন সংসদ সদস্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে পুলিশ মোতায়েনের আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পরিদর্শন শেষে পাসপোর্ট অফিসের সম্মেলনকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
/এএসএফ