স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনে অবহেলা এবং রোগীদের সঙ্গে অসদাচরণের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, “যতদিন নরম থাকার প্রয়োজন ছিল, ততদিন ছিলাম। এখন আর নরম থাকার সুযোগ নেই। সবাই নিয়মিত কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করুন। রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, অন্যথায় সরাসরি সাসপেন্ড করা হবে।”
শনিবার (১ আগস্ট) দুপুরে পূর্বঘোষণা ছাড়াই শরীয়তের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সততা, নিষ্ঠা এবং জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সতর্ক করে বলেন, দায়িত্ব পালনে অবহেলা, অনিয়ম এবং কর্মস্থলে অনুপস্থিতি কোনোভাবেই বরদাশত করা হবে না। অনিয়ম অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে টার্মিনেশন কিংবা সাসপেনশনের মতো কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পরিদর্শন শেষে হাসপাতালের সামনে অবস্থিত দুটি বেসরকারি ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকায় ক্লিনিক দুটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এ ছাড়া সরকারি কর্মঘণ্টায় প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দুই চিকিৎসককে শোকজ করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
/এএসএফ