রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৭৪৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৫০৪টি যানবাহন ডাম্পিং এবং ২৬৫টি যানবাহন রেকার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৮৬টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪৩টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯৫টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৮৭টি মামলা করা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২১২টি, ট্রাফিক-মিরপুর বিভাগে সর্বোচ্চ ৩৮২টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫০টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ১৮৯টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং ট্রাফিক আইন কার্যকর রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
/এএসএফ