• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১২:২৯ পিএম


হরমুজ প্রণালিতে ‘অবৈ/ধ পথে’ চলাচলের চেষ্টায় ৬ জাহাজ আটকে দিলো ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুলাই ২০২৬ ৩:১২ পিএম

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে অনুমোদিত নৌপথের বাইরে দিয়ে চলাচলের চেষ্টা করা ছয়টি জাহাজকে আটকে দেওয়ার দাবি করেছে ইরান। দেশটির অভিযোগ, জাহাজগুলো নেভিগেশন ও ট্রান্সপন্ডার বন্ধ রেখে ‘অবৈধ ও অনিরাপদ’ পথ ব্যবহার করে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।

সোমবার (২৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ইরানের দাবি অনুযায়ী, সোমবার ভোরে হরমুজ প্রণালির দক্ষিণ অংশে নির্ধারিত ও অনুমোদিত নৌপথ এড়িয়ে ছয়টি জাহাজ চলাচলের চেষ্টা করে। এ সময় একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়। বাকি পাঁচটি জাহাজকে ইরানের নিয়ন্ত্রণে পারস্য উপসাগরের দিকে ফিরে যেতে বাধ্য করা হয়।

আইআরআইবি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন বাহিনীর উসকানিতেই জাহাজগুলো বিকল্প ওই পথ ব্যবহার করার চেষ্টা করেছিল।

ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নির্ধারিত নৌপথ স্পষ্টভাবে চিহ্নিত রয়েছে। এর বাইরে থাকা পথগুলো বিপজ্জনক এবং জাহাজ চলাচলের জন্য উপযোগী নয়।

তবে জাহাজগুলোর পরিচয়, সেগুলো কোন দেশের পতাকাবাহী ছিল, ক্রুদের বিষয়ে কোনো তথ্য কিংবা দুর্ঘটনার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আনাদোলু জানিয়েছে, ইরানের এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

/এসএন