• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৭:৫২ এএম


বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

‘মুম্বাই মে ভেজ দো’ সীমান্তে ভারতীয় নারীর আকুল আবেদন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুলাই ২০২৬ ৩:২৬ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে তিন শিশুসহ এক ভারতীয় নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি। এ সময় কান্নাজড়িত কণ্ঠে ওই নারী বারবার হিন্দিতে বলেন, ‘মুম্বাই মে ভেজ দো’—অর্থাৎ তাকে যেন মুম্বাইয়ে পাঠিয়ে দেওয়া হয়।

রোববার (২৬ জুলাই) সালদানদী সীমান্তের শূন্যরেখায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ওই নারী দাবি করছেন, তার কাছে আধার কার্ডসহ ভারতের সব ধরনের পরিচয়পত্র রয়েছে। তবুও তাকে ‘বাংলাদেশি’ পরিচয় দিয়ে জোর করে সীমান্তে ফেলে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি জানান, তার স্বামী ভারতের মুম্বাইয়ে থাকেন। তাই তাকে যেন সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়—এ অনুরোধ জানিয়ে তিনি বিজিবির কাছে আকুল আবেদন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, তিন শিশুসহ এক নারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। সালদানদী বিওপির নিয়মিত টহলে থাকা বিজিবি সদস্যরা শূন্যরেখার কাছে তাদের শনাক্ত করেন এবং অনুপ্রবেশের সেই চেষ্টা প্রতিহত করেন।

তিনি আরও জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

/এসএন