• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৬:৫১ এএম


তেল সঙ্কটের গুজব ছড়িয়ে পড়ায়, পেট্রোল পাম্পে আকস্মিক ভীড়!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ৯:৪০ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জ্বালানি তেল সংকটের গুজবকে কেন্দ্র করে সাতক্ষীরার বিভিন্ন পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহনের চালকরা একযোগে জ্বালানি নিতে পাম্পে ভিড় করলে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

তবে জেলা প্রশাসন জানিয়েছে, জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং নিয়মিতভাবে সব পাম্পে জ্বালানি সরবরাহ করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, তেল নেওয়ার জন্য চালকদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে সারি সড়ক পর্যন্ত বিস্তৃত হওয়ায় আশপাশের এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে।

একটি পেট্রোল পাম্পের বিক্রয়কর্মী রফিকুল ইসলাম বলেন, পেট্রোল, অকটেন ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ফেসবুকে সংকটের গুজব ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে বিপুলসংখ্যক গাড়ি ও মোটরসাইকেল একসঙ্গে পাম্পে চলে আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শহরের এবি খান পেট্রোল পাম্পে লাইনে দাঁড়ানো মোটরসাইকেল চালক আরিফ হোসেন বলেন, ফেসবুকে তেলের সংকটের খবর দেখে তিনি ট্যাংক পূর্ণ করতে এসেছিলেন। তবে পাম্পে এসে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বুঝতে পারেন, বাস্তবে কোনো সংকট নেই।

আরেক চালক মো. জহিরুল ইসলাম বলেন, অন্যদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনিও শঙ্কিত হয়েছিলেন। পরে পাম্পের কর্মীদের কাছ থেকে সরবরাহ স্বাভাবিক থাকার বিষয়টি জেনে আশ্বস্ত হন।

গুজব প্রতিরোধে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সাতক্ষীরা জেলা তথ্য অফিস শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং শুরু করে। একই সঙ্গে জেলা প্রশাসন জানায়, মেঘনা, পদ্মা ও যমুনা পেট্রোলিয়াম করপোরেশন এবং খুলনা প্রধান ডিপোর সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে যে জ্বালানির মজুত ও সরবরাহে কোনো ঘাটতি নেই।

জেলা প্রশাসন সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়া, প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি মজুত না করা এবং যেকোনো তথ্য সরকারি বা বিশ্বস্ত উৎস থেকে যাচাই করার আহ্বান জানিয়েছে।

জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, খুলনা ডিপো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তাই কোনো ধরনের গুজবে বিভ্রান্ত বা আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার অনুরোধ জানান তিনি।

/এএসএফ