• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০২:২৮ এএম


ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির পদত্যাগের পর গ্রেফতারও দেখতে চাই: নাহিদ ইসলাম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ৯:১৪ পিএম

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পাশাপাশি তার গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামালপুরের ফৌজদারি মোড়ে ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে তিনি এ দাবি জানান।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির এতদিন পর পদত্যাগের কথা মনে হওয়ার কারণ নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার দীর্ঘ সময়েও আগের সরকারের রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেনি। তার ভাষ্য, রাষ্ট্রপতির পদত্যাগের পর তার গ্রেফতারও দেখতে চান তারা।

জামালপুরের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, কয়েকদিন আগে জেলার জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তিনি জেলা পুলিশ প্রশাসনের কাছে জানতে চান।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্যে নাহিদ ইসলাম দাবি করেন, ক্ষমতায় পরিবর্তন এলেও চাঁদাবাজি, দখলবাজি ও জমি দখলের মতো সমস্যার সমাধান হয়নি। এসব পরিবর্তন আনতে এনসিপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণ গণভোটের পক্ষে ভোট দিলেও জুলাই সনদ এখনো বাস্তবায়ন করা হয়নি। পাশাপাশি সরকারের এক কোটি নতুন চাকরি দেওয়ার প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, জুলাই সনদ বাস্তবায়নে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

নাহিদ ইসলাম আরও বলেন, সরকার যদি জাতীয় ঐক্যকে গুরুত্ব না দেয়, তাহলে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করা কঠিন হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, সরকার যদি জনগণের দাবিকে উপেক্ষা করে, তাহলে শিক্ষার্থীরা আবারও রাজপথে আন্দোলনে নামতে পারে।

এনসিপি জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ মো. শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমও বক্তব্য রাখেন।

এ সময় জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আবু সাইদ শামীম এবং জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে আবিদ সৌরভকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

/এএসএফ