• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৮ পিএম


নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুন ২০২৬ ১০:৫৭ পিএম

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই লক্ষ্য সামনে রেখে দেশীয় উৎপাদনমুখী শিল্পখাতকে উৎসাহ দিতে কর রেয়াত, ভ্যাট অব্যাহতি এবং আমদানি পর্যায়ে বিভিন্ন ধরনের শুল্ক সুবিধা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

একই সঙ্গে স্থানীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ বাজার সুরক্ষার লক্ষ্যে আমদানিনির্ভর ও বিলাসবহুল বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও করহার বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এসব পদক্ষেপ দেশের শিল্পভিত্তিকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

প্রতি অর্থবছরের বাজেটেই রাজস্ব আদায় বাড়ানোর উদ্দেশ্যে কিছু পণ্য ও সেবার ওপর শুল্ক-কর বৃদ্ধি করা হয়। আবার সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনায় রেখে কিছু ক্ষেত্রে কর ও শুল্ক কমানো হয়। এর ফলে বাজারে কিছু পণ্যের দাম বাড়ে, আবার কিছু পণ্যের দাম কমে।

অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের বাজেটে ভ্যাট ও শুল্কহার পরিবর্তনের কারণে রড ও সিগারেটের দাম বাড়তে পারে। অন্যদিকে স্বর্ণ ও প্রসাধনী সামগ্রীর দাম কমার সম্ভাবনা রয়েছে।

সূত্র জানায়, সিগারেট থেকে সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়ে থাকে। এ কারণে এবারও সিগারেটের মূল্যস্তর বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর ফলে সব ধরনের সিগারেটের দাম বাড়তে পারে। বিশেষ করে প্রিমিয়াম সিগারেটের দাম সবচেয়ে বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে।

শুধু সিগারেট নয়, তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা নিকোটিন পাউচ এবং হিটেড টোব্যাকো পণ্য থেকেও আগামী অর্থবছরে উল্লেখযোগ্য রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বাজেটে ১০ গ্রাম নিকোটিন পাউচের সর্বোচ্চ খুচরা মূল্য ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। এর ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্কসহ মোট ৬২ শতাংশ ভ্যাট আরোপের পরিকল্পনা থাকায় এই পণ্যের দামও বাড়তে পারে।

এ ছাড়া দেশীয় মদ ও বিয়ারের দামও বাড়তে পারে। কারণ এতদিন এসব পণ্যের উৎপাদনে মাদক শুল্ক কার্যকর ছিল। আগামী বাজেটে প্রতি লিটারে ৫০০ টাকা সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব রয়েছে।

গৃহনির্মাণের অন্যতম প্রধান উপকরণ রডের বাজারেও প্রভাব পড়তে পারে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির পর এবার বাজেটে এমএস রডের কাঁচামাল স্ক্র্যাপ শিটের ওপর টনপ্রতি ৩০০ টাকা এবং এমএস পণ্যের ওপর ৪০০ টাকা সুনির্দিষ্ট কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে রডের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

বিদেশ থেকে আমদানি করা তাজা, ঠান্ডা ও হিমায়িত মাছের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব থাকায় এসব মাছের দামও বাড়তে পারে। একইভাবে সুগন্ধি, ওষুধ উৎপাদন, কীটপতঙ্গ ও ছত্রাকনাশকসহ সমজাতীয় কাজে ব্যবহৃত তাজা, শুকনা, চূর্ণ বা গুঁড়া অবস্থায় আমদানিকৃত বৃক্ষ বা বৃক্ষের অংশের ওপরও ১৫ শতাংশ ভ্যাট আরোপের পরিকল্পনা রয়েছে।

কাজুবাদাম আমদানির ক্ষেত্রে শুল্কহার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে বাজারে কাজুবাদামের দামও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রাজধানীর যানজট এড়াতে জনপ্রিয় হয়ে ওঠা হেলিকপ্টার সেবার ক্ষেত্রেও নতুন কর আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেটে হেলিকপ্টারের নিবন্ধন বা ফিটনেস নবায়নের ক্ষেত্রে ১০ লাখ টাকা উৎসে কর আরোপের প্রস্তাব রয়েছে। ফলে হেলিকপ্টার ভাড়াও বাড়তে পারে।

এ ছাড়া বাস পরিবহনের অগ্রিম আয়কর বাড়ানোর পরিকল্পনা থাকায় গণপরিবহনের ভাড়ার ওপরও এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

/এসএন