প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো একটি প্রস্তাব অনুমোদন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবটি ছিল ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা।
জানা গেছে, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) পরিচালিত এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি কেন্দ্রটির নাম পরিবর্তনের বিষয়ে একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্রের তথ্য অনুযায়ী, ঈদুল আজহার আগেই প্রস্তাবটি পাঠানো হয়েছিল। সেখানে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম বেগম খালেদা জিয়ার নামে করার সুপারিশ করা হয়। তবে মঙ্গলবার (২ জুন) প্রধানমন্ত্রী ওই প্রস্তাবে সম্মতি দেননি বলে সূত্রটি জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নাম পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী মত দিয়েছেন যে, কোনো নতুন নাম যুক্ত করার প্রয়োজন হলে নতুন একটি প্রতিষ্ঠান গড়ে সেখানে নামকরণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পরিবর্তে নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে সম্মাননা দেওয়ার দিকেই তিনি গুরুত্ব দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, নথিতে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে নতুন কোনো নাম সংযুক্ত করতে হলে নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া যেতে পারে।
এর আগে সরকারি অর্থায়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাবও অনুমোদন করেননি প্রধানমন্ত্রী। মশা নিয়ন্ত্রণ বিষয়ে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ফ্লোরিডা সফরের প্রস্তাবের বিষয়ে তিনি মত দেন যে, দেশের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেও কার্যকর সমাধান বের করা সম্ভব।
/এসএন