• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ এএম


প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক কার্ডেই মিলবে সব সুবিধা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ জুন ২০২৬ ৫:১২ পিএম

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য একক ডিজিটাল সেবা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই কার্ড চালু হলে বর্তমানে ব্যবহৃত বিএমইটি (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্ডের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, বিভিন্ন ধরনের আলাদা কার্ডের পরিবর্তে একটি সমন্বিত কার্ডের মাধ্যমেই প্রবাসীরা প্রয়োজনীয় সব ধরনের সুবিধা গ্রহণ করতে পারবেন।

আরিফুল হক চৌধুরী বলেন, “একটি কার্ডের মাধ্যমেই সব ধরনের সেবা নিশ্চিত করতে চাই।” সরকারের পরিকল্পনা অনুযায়ী, শুধু প্রবাসী শ্রমিক নয়, ইউরোপ, ল্যাটিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরাও এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

জানা গেছে, ক্রেডিট কার্ডের আদলে তৈরি হতে যাওয়া ‘প্রবাসী কার্ড’-এ ডিজিটাল পরিচয়, ব্যাংকিং সুবিধা, রেমিট্যান্স ব্যবস্থাপনা এবং বিভিন্ন সরকারি সেবা এক প্ল্যাটফর্মের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, কার্ডটির চূড়ান্ত সুবিধাসমূহ এখনো নির্ধারণ করা হয়নি। তবে সহজে রেমিট্যান্স পাঠানোর সুযোগ সৃষ্টি, ব্যাংকিং গেটওয়ে উন্নয়ন এবং বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিভিন্ন সুবিধা এতে অন্তর্ভুক্ত করার বিষয়ে কাজ চলছে।

তিনি আরও বলেন, প্রবাসীদের জন্য ভূমি অফিস, হাসপাতালসহ বিভিন্ন সরকারি সেবায় অগ্রাধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

এদিকে প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রী জানান, মঙ্গলবার থেকেই সেলটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এই সেবার আওতায় প্রবাসীরা সরাসরি অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। খুব শিগগিরই অভিযোগ জমা দেওয়ার বিস্তারিত পদ্ধতি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

পাঁচ সদস্যের এই সেলে মন্ত্রণালয়ের মনিটরিং, আইন, কল্যাণ, সেবা এবং এনফোর্সমেন্ট-সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

সংবাদ ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক, মন্ত্রণালয়ের সচিব মোখতার হোসেন এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

/এসএন