এআই ছবি
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার প্রস্তাবিত যুক্তরাষ্ট্র সফরের অনুমোদন দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সফরের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলেও তা নাকচ করা হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, বিদেশি প্রতিষ্ঠান Valent BioSciences LLC-এর অর্থায়নে এই সফরের পরিকল্পনা করা হয়েছিল। সফরের উদ্দেশ্য ছিল মশা নিয়ন্ত্রণ ও নিধনের বিভিন্ন আধুনিক ও উদ্ভাবনী পদ্ধতি সরেজমিনে পর্যবেক্ষণ করা।
তবে প্রস্তাবটি অনুমোদন না দিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, মশক নিধনের কৌশল শিখতে বা দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন নেই। দেশের বাস্তব পরিস্থিতির মধ্যেই কার্যকর সমাধান ও নতুন ধারণা বের করা সম্ভব।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন রাজনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে দায়িত্বে আসেন। ২০২১ সালের সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী বিজয়ী ঘোষিত হলেও নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে মামলা করেন বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন।
পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে। একই বছরের ১ অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনাল রেজাউল করিম চৌধুরীর নির্বাচন বাতিল করে শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে। পরে ৩ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন।
/এএসএফ