২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ লক্ষ্যে ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ থেকে ১২ জন আসামির সম্পত্তি বিক্রি করে প্রাপ্ত অর্থের অর্ধেক নিহতদের স্বজনদের দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের মধ্যে অর্থ বিতরণের নির্দেশনা রয়েছে।
চিফ প্রসিকিউটর জানান, রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য আসামিদের ৩০ দিনের নির্ধারিত সময়সীমা ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে তাঁরা কেউ আপিল করেননি। ফলে তাঁরা আর আপিল করবেন না বলে ধরে নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবারই (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।
তিনি আরও জানান, আসামিরা তাঁদের সম্পত্তি বিক্রি করে দিতে পারেন বলে আশঙ্কা রয়েছে। এ কারণে পলাতক আসামিদের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার ব্যবস্থা করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে।
/এসএন