• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ এএম


এনসিপির সঙ্গে জোট করতে নাসীরুদ্দীন আমার পা ধরতে বাকি রেখেছিল’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ মে ২০২৬ ১১:৫৫ পিএম

এনসিপির সঙ্গে জোট গঠনের জন্য নাসীরুদ্দীন পাটওয়ারী তার ‘পা ধরতে বাকি রেখেছিলেন’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতাদের উপস্থিতিতে নাসীরুদ্দীন পাটওয়ারী তার সঙ্গে জোট করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন।

পোস্টে তিনি লেখেন, ‘এনসিপির সঙ্গে জোট করার জন্য নাসীরুদ্দীন পাটোয়ারী আমার পা ধরতে বাকি রেখেছিল। এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতাদের উপস্থিতিতেই সে এমন করেছিল!’

একই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে তিনি আরও লেখেন, ‘অথচ এ রাজনৈতিক ইতর আমাকে নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করে বাজে কথা বললো! জামায়াতে ইসলামী বিরুদ্ধে এমন কোনো কথা নাই যে বলে নাই, পরবর্তীতে জামায়াতের কাছে এনসিপি ১০০ কোটি টাকায় বিক্রি হয়েছে।’

রাশেদ খাঁন আরও দাবি করেন, তিনি আগে থেকেই ধারণা করেছিলেন যে নাসীরুদ্দীন পাটওয়ারী শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে যুক্ত হবেন। সে কারণেই তিনি তাদের সঙ্গে জোটে যাননি বলে উল্লেখ করেন।

পোস্টে তিনি লেখেন, ‘আমি জানতাম আদর্শচ্যুত বামশিবির নাসীরুদ্দীন পাটোয়ারী জামায়াতের কাছেই বিক্রি হবে, এজন্য আমি তাদের ফাঁদে পা দিইনি। গণঅধিকার পরিষদ ২০২২ সাল থেকে বিএনপির সঙ্গে জোটে ছিল। আমি এমন কোনো দলে যাইনি, যে দল জামায়াতের মত স্বাধীনতা সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি।’

এছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক অবস্থান নিয়েও কটাক্ষ করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন সময়ে শিবির, বাম রাজনীতি, এবি পার্টি এবং বর্তমানে এনসিপির সঙ্গে যুক্ত ছিলেন।

পোস্টের একাংশে তিনি আরও লেখেন, ‘পাটোয়ারী শিবির, বাম, এবি পার্টি করেছে। এখন এনসিপি করছে। তার আশপাশের লোকজনই আমাকে বলেছে, নাসীরুদ্দীন গাজা-ইয়াবা সব খায়। ওর চোখমুখই তার তো প্রমাণ, ওর শরীর নিকোটিনে ভরা।’

সবশেষে তিনি লেখেন, ‘গালিগালাজ ও বেয়াদবি করা যদি ওর স্বাধীনতা হয়, তবে প্রতিবাদে ডিম মারাও সংক্ষুব্ধদের স্বাধীনতা।’