• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ এএম


‘আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আওয়ামী লীগ’- সাবেক পররাষ্ট্র উপদেষ্টা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ মে ২০২৬ ৯:৪৫ পিএম

নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ রাজনীতি থেকে পুরোপুরি হারিয়ে যাবে না এবং আগামী নির্বাচনেই দলটি অংশ নিতে পারে।

যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি মনে করি, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে এবং আমার অনুমান দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।”

তিনি আরও বলেন, “আমাদের মানুষজনের স্মৃতিশক্তি খুব দীর্ঘ না।”

সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের ভেতরের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন সাবেক এই উপদেষ্টা।

তিনি জানান, দায়িত্ব পালনকালে তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তাকে বোঝানো হয়েছিল, এতে অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে।

জুলাই গণঅভ্যুত্থানে ‘ডিপস্টেট’ সক্রিয় ছিল কি না— এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “পৃথিবীর প্রতিটি ঘটনার সঙ্গেই কোনো না কোনোভাবে ডিপস্টেট জড়িত থাকে। তারা স্রোতের বিপরীতে যায় না, বরং পরে সেটাকে ম্যানিপুলেট করে।”

‘কিচেন কেবিনেট’ প্রসঙ্গে তিনি বলেন, একটি নির্দিষ্ট গ্রুপ নিয়মিত বৈঠক করে বিভিন্ন সিদ্ধান্ত নিত— এমন কথা তার কানেও এসেছে।

সাবেক এই উপদেষ্টা আরও দাবি করেন, ভোটের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা ছিল না।

তিনি বলেন, “এতে কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইনভলভ ছিল। কোনো বাধ্যবাধকতা না থাকলে বিষয়টি নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়াই যথাযথ হতো।”

শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পাঠানো চিঠির বিষয়ে তিনি বলেন, এর কোনো উত্তর আসবে— এমন প্রত্যাশা তার ছিল না।

/এএসএফ