ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’–র সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে নির্দিষ্ট মডেলের আইফোন ব্যবহারকারীদের মোট ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩ হাজার ৫৯ কোটি টাকা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতে দায়ের করা একটি মামলার নিষ্পত্তির অংশ হিসেবে এই অর্থ দিতে রাজি হয়েছে প্রতিষ্ঠানটি। মামলায় অভিযোগ করা হয়, অ্যাপল তাদের বিজ্ঞাপনে ‘সিরি’র এমন কিছু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধার কথা তুলে ধরেছিল, যেগুলোর বাস্তব অস্তিত্ব তখন ছিল না। এর ফলে অনেক ভোক্তা বিভ্রান্ত হয়ে নতুন আইফোন কিনতে উৎসাহিত হয়েছেন বলে দাবি করা হয়।
আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু আইফোন মডেল কেনা গ্রাহকেরা এই ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হবেন। ক্ষতিপূরণের আওতায় থাকা মডেলগুলোর মধ্যে রয়েছে—আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৬, আইফোন ১৬ই, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স।
মামলার তথ্য অনুসারে, প্রায় ৩ কোটি ৭০ লাখ ক্রেতা এই ক্ষতিপূরণের আওতায় আসতে পারেন। তবে অর্থ পেতে হলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। এ বিষয়ে আগামী ৪৫ দিনের মধ্যে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করবে অ্যাপল।
জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর থেকে অ্যাপল ‘মোর পারসোনাল সিরি’ শিরোনামে একটি বিজ্ঞাপন প্রচার শুরু করে। ওই বিজ্ঞাপনে আইফোন ১৬–এর সঙ্গে সিরির কিছু উন্নত এআই সুবিধা দেখানো হয়েছিল, যেগুলো তখনও চালু হয়নি। পরে প্রতিষ্ঠানটি স্বীকার করে যে প্রতিশ্রুত প্রযুক্তির হালনাগাদ সংস্করণ নির্ধারিত সময়ের মধ্যে চালু করা সম্ভব হয়নি।
এই ঘটনার পরই ভোক্তাদের পক্ষ থেকে আদালতে অভিযোগ দায়ের করা হয় এবং শেষ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে সম্মত হয় অ্যাপল।
/এসএন