ছবি: সংগৃহীত
নিউইয়র্ক শহরের একটি নতুন বইয়ের দোকান প্রচলিত ধারণাকে বদলে দিচ্ছে। সাধারণত বইয়ের দোকান মানেই তাকভর্তি বই, কাগজের গন্ধ আর নীরব পাঠকের উপস্থিতি। তবে এখানে নেই কোনো মুদ্রিত বই, নেই পৃষ্ঠা বা মলাট—তবু এটি একটি পূর্ণাঙ্গ বইয়ের জগৎ।
অডিওবুক প্ল্যাটফর্ম Audible গত শুক্রবার ম্যানহাটানের লোয়ার ইস্ট সাইডে ‘অডিবল স্টোরি হাউস’ নামে একটি পপআপ স্টোর চালু করেছে। ই–কমার্স জায়ান্ট Amazon-এর সহযোগী প্রতিষ্ঠান অডিবল জানিয়েছে, এটি নিউইয়র্কের প্রথম ‘বইবিহীন বইয়ের দোকান’।
এই দোকানে ঢুকলে দেখা যাবে না কোনো বইয়ের তাক বা উপন্যাসের স্তূপ। এর পরিবর্তে তাকজুড়ে সাজানো রয়েছে ‘স্টোরি টাইল’ নামে বিশেষ অডিওবুক ট্যাবলেট। এসব টাইল নির্দিষ্ট প্লেয়ারে ঢোকালে হেডফোনের মাধ্যমে গল্প শোনা যায়। অর্থাৎ এখানে বই পড়ার বদলে শোনার অভিজ্ঞতাই প্রধান।
প্রতিটি স্টোরি টাইল থেকে কোনো বইয়ের একটি অংশ শোনা যায়। সেই অংশ ভালো লাগলে পুরো বইটি অডিবলের অ্যাপে পাওয়া যায়, যেখানে গ্রাহকরা সম্পূর্ণ বই শুনতে পারেন।
দোকানের ভেতরে একটি বিশেষ কক্ষও রয়েছে, যেখানে হেডফোন ছাড়াই স্পিকারের মাধ্যমে গল্প শোনার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি রয়েছে ‘লিসেনিং বার’, যেখানে ‘স্টোরি টেন্ডার’-এর সহায়তায় গ্রাহকের পছন্দ অনুযায়ী অডিওবুক নির্বাচন করা যায়।
অডিবলের প্রধান নির্বাহী কর্মকর্তা বব ক্যারিগান বলেন, “এটি এমন একটি জায়গা, যা পুরোপুরি অডিও গল্প বলাকে জীবন্ত করে তোলার জন্য তৈরি করা হয়েছে।”
তিনি আরও জানান, এই পপআপ স্টোরটি এক মাসের জন্য চালু রাখা হবে। এর লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ ঘুরে ঘুরে অডিওবুক সম্পর্কে জানতে পারবে এবং অন্যদের সঙ্গে সংযুক্ত হতে পারবে।
অডিওবুক বাজারে অন্যতম প্রভাবশালী প্ল্যাটফর্ম অডিবল সাবস্ক্রিপশনভিত্তিক সেবা দিয়ে থাকে। পাশাপাশি আলাদা করে বই কেনার সুযোগও রয়েছে। অ্যামাজন অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য কিছু অডিওবুক বিনা মূল্যে শোনার সুবিধাও দেওয়া হয়।
অডিও পাবলিশার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে অডিওবুক বিক্রির বাজারমূল্য ছিল ২২২ কোটি ডলার, যা গত পাঁচ বছরে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।