জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালীন টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নের সমাধান দেখার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী জিসান রহমান উপজেলার নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
কেন্দ্র সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে জিসান টয়লেটে গিয়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নের উত্তর দেখছিলেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এবং সেখানে তার কাছে মোবাইল থাকার বিষয়টি নিশ্চিত হয়। পরে তল্লাশি চালিয়ে মোবাইল ফোন উদ্ধার করা হয়।
কেন্দ্র সচিব বিপ্লব কিশোর চক্রবর্তী তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন জানান, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার ও অসদুপায় অবলম্বনের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া প্রশ্নফাঁস চক্রের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত চলছে।
তিনি আরও বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো অনিয়মের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।