ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার ফলে বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের অবস্থান দখল করেছে যুক্তরাষ্ট্র। রোববার (১৩ সেপ্টেম্বর) ফার্স্টপোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক তথ্যের বরাত দিয়ে ফার্স্টপোস্ট জানায়, গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৬৭ কোটি ডলার। বিপরীতে একই সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্য হয়েছে ১ হাজার ৭২ কোটি ডলার। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ভারতের তুলনায় প্রায় ১৯৫ কোটি ডলার বেশি।
তবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে চীন এখনো শীর্ষ অবস্থান ধরে রেখেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদারে পরিণত হওয়ার বিষয়টি ভারতের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
মূলত দিল্লি ও ঢাকার মধ্যে সাম্প্রতিক বাণিজ্যিক বিধিনিষেধ এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশের বাণিজ্য অংশীদারের তালিকায় এই পরিবর্তন এসেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ব্যবধান তৈরির অন্যতম কারণ হলো দেশটি থেকে বাংলাদেশের তুলনামূলক বেশি পণ্য কেনা। এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি ২৪৯ কোটি ডলার থেকে ৪৩ শতাংশ বেড়ে ৩৫৬ কোটি ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, ভারত থেকে বাংলাদেশের আমদানি প্রায় ৭ দশমিক ৫ শতাংশ কমেছে। একই সময়ে ভারতে বাংলাদেশের রপ্তানিও প্রায় ৩ শতাংশ হ্রাস পেয়েছে।
যুক্তরাষ্ট্রের শুল্কসংক্রান্ত নীতি ও এ নিয়ে আলোচনার অংশ হিসেবে ঢাকা ওয়াশিংটন থেকে পণ্য কেনার পরিমাণ বাড়ানোর পদক্ষেপ নেয়। এর ফলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যে উল্লেখযোগ্য গতি এসেছে।
তৈরি পোশাক খাতের কাঁচামাল আমদানির ক্ষেত্রেও ভারতের অবস্থান পিছিয়ে পড়ার চিত্র স্পষ্ট হয়েছে।
/এসএন