• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ এএম


নেপাল থেকে অপু বিশ্বাসের বার্তা, ‘আল্লাহর রহমতে নিরাপদে আছি’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ আগস্ট ২০২৬ ৩:১৬ পিএম

নেপালে অবস্থানরত ঢালিউডের নায়িকা অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিমকে নিয়ে ভক্ত, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। দেশটিতে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তাদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা বাড়ে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থার কথা জানিয়ে সেই উদ্বেগের অবসান ঘটিয়েছেন অপু বিশ্বাস।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এক বার্তায় অপু বিশ্বাস জানান, নেপালে ভূমিকম্প ও বন্যার খবর প্রকাশের পর থেকেই দেশের অসংখ্য মানুষ তাদের খোঁজ নিতে ফোন ও মেসেজ করেছেন।

অপু বিশ্বাস বলেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মাঝেই আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়–স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন—আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না।’

তিনি আরও বলেন, ‘সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।’

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ।

‘শিকার’ সিনেমায় আরও অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে। নেপালে সিনেমাটির শুটিং চলার মধ্যেই দেশটিতে ভূমিকম্প ও বন্যার খবর সামনে আসে। এতে সিনেমাটির পুরো টিমের নিরাপত্তা নিয়ে ভক্ত ও স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে অপু বিশ্বাসের বক্তব্যে জানা গেল, তিনি ও সিনেমাটির পুরো দল বর্তমানে নিরাপদ স্থানে রয়েছেন এবং সবাই সুস্থ আছেন।

/এসএন